প্রযুক্তির কল্যাণে সব কাজেই মানুষ এখন আরও স্বাচ্ছন্দ্য ও আরাম খোঁজে। তাই ম্যানুয়াল সব কাজ এখন ডিজিটাল পদ্ধতিতে করার চেষ্টায় আছে সবাই। কিন্তু এই চেনা ট্রেন্ডের পুরো উল্টো দিকে হাঁটছে ফেরারি। চালকের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশ্বের অন্যান্য গাড়ি প্রস্তুতকারী সংস্থা যেখানে অটোমেটিক গিয়ারের ওপর জোর দিচ্ছে, সেখানে ম্যানুয়াল গিয়ারে ফেরার ঘোষণা দিলো ইতালির বিখ্যাত এই গাড়িড়ি প্রস্তুতকারী সংস্থা।
সম্প্রতি, ফেরারি '12Cilindri Manuale' গাড়িটি বাজারে আনার কথা জানিয়েছে। ভি১২ ইঞ্জিনচালিত এই স্পোর্টস কারটিতে ম্যানুয়াল গিয়ার শিফটিংয়ের ব্যবস্থা রাখছে সংস্থাটি। তবে বিশেষ এই গাড়িটি সারা বিশ্বে মাত্র ১ হাজার ৪৯৯ ইউনিট বিক্রি করা হবে।
আরও পড়ুন: ফেরারি আনছে স্পোর্টস ইউটিলিটি ভেইকেল
ফেরারি নতুন এই গাড়ির ইঞ্জিনিয়ারিং করেছে সম্পূর্ণ নিজস্ব 'ইন-হাউস' টেকনোলজি ডেভেলপমেন্টের মাধ্যমে। এই ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ফিডব্যাকের সঙ্গে ইলেকট্রনিক কম্পোনেন্টের একটি দারুণ সংযোগ ঘটবে। একই সঙ্গে এই গাড়িতে ক্লাচ-বাই-ওয়্যার সিস্টেমের পাশাপাশি ট্র্যাডিশনাল গিয়ার সিস্টেমও ব্যবহার করা হবে।
তবে নতুন এই মেকানিজমের কারণে গাড়ির পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে কি - না, তা মনিটর করতে গাড়িটিতে একাধিক মেকানিক্যাল কম্পোনেন্ট, স্প্রিং এবং আপডেটেড ট্রান্সমিশন সফটওয়্যার ব্যবহার করছে ফেরারি। মূলত ম্যানুয়াল গিয়ার শিফটিংয়ের অভিজ্ঞতাকে আরও স্মুদ করতেই বিশেষভাবে তৈরি করা হচ্ছে এর গিয়ার লিভারটি।
আরও পড়ুন: ফেরারি আনছে ইলেকট্রিক কার
ফেরারি জানিয়েছে, গাড়িটিতে Naturally Aspirated 6.5 Litre V12 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
এই ইঞ্জিন থেকে ৮৩০ বিএইচপি পাওয়ার এবং ৬৭৮ এনএম টর্ক উৎপন্ন হয়। ঘণ্টায় গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ৩৪০ কিলোমিটার। মাত্র ২.৯ সেকেন্ডেই গাড়িটি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম!
আরও পড়ুন: শো-রুম থেকে বেরিয়েই দুর্ঘটনার কবলে আড়াই কোটির ফেরারি
তবে সবার মনে এখন একটাই প্রশ্ন - মাত্র ১ হাজার ৪৯৯ ইউনিটই কেন বিক্রি করার সিদ্ধান্ত নিলো ফেরারি? গাড়ি প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৯৪৭ সালে তারা যখন প্রথম ভি১২ ইঞ্জিন বাজারে এনেছিল, তখন সেই ইঞ্জিনের কনফিগারেশন ছিল ১৪৯৯ সিসি। মূলত সেই প্রথম ভি১২ ইঞ্জিনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই মাত্র ১ হাজার ৪৯৯ ইউনিট '১২ সিলিন্ড্রি ম্যানুয়েল' গাড়ি বিক্রির এই অভিনব সিদ্ধান্ত।
এএ



