এখন বর্ষাকাল। এই সময় আমরা যেমন নিজেদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিই, তেমনই আমাদের যানবাহনেরও বাড়তি রক্ষণাবেক্ষণ প্রয়োজন। বিশেষ করে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি, কারণ ভারী বৃষ্টি, রাস্তায় জমে থাকা পানি এবং অতিরিক্ত আর্দ্রতা ব্যাটারি, মোটর ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বর্ষায় আপনার প্রিয় স্কুটারটিকে সুরক্ষিত রাখতে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
প্রথমত, ইলেকট্রিক স্কুটারকে যতটা সম্ভব পানির সংস্পর্শ থেকে দূরে রাখুন। বৃষ্টির সময় স্কুটার চালানো এড়িয়ে চলাই শ্রেয়। এছাড়া স্কুটার পার্ক করার সময় সবসময় ছাউনি বা শেডের নিচে অথবা ওয়াটারপ্রুফ কভারের ভেতরে রাখুন, যাতে বৃষ্টির পানি সরাসরি যন্ত্রাংশে না পৌঁছায়। স্কুটারের ব্যাটারি ও মোটরকে পানিরোধী রাখতে উপযুক্ত কভারিং বা সিলিং ব্যবহার করুন। নিয়মিত ব্যাটারি কম্পার্টমেন্ট পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে কোথাও দিয়ে জল প্রবেশের সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন

বৃষ্টিতে স্কুটার চালানোর পর সেটিকে ভালো করে মুছে শুকিয়ে নেওয়া আবশ্যক। বিশেষ করে ব্রেক এবং বৈদ্যুতিক সংযোগগুলো যেন শুকনা থাকে, সেদিকে খেয়াল রাখুন। মাডগার্ড ও টায়ারে জমে থাকা পানি বা কাদা নিয়মিত পরিষ্কার করুন, এতে যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি কম হবে এবং স্কুটারের কর্মক্ষমতা বজায় থাকবে। বর্ষায় রাস্তা পিচ্ছিল থাকে, তাই টায়ারের গ্রিপ ও সঠিক বায়ুচাপ নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ব্রেক সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করুন, কারণ ব্রেকের ভেতরে পানি বা ময়লা জমে থাকলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুন: ৩ মিনিটের চার্জে ২৫০ কিমি রেঞ্জ দেবে এই ইলেকট্রিক গাড়ি
দৃশ্যমানতা কম থাকার কারণে বর্ষাকালে হেডলাইট, টেললাইট, ব্রেক লাইট এবং টার্ন সিগন্যালগুলো ঠিকমতো কাজ করছে কি না তা নিশ্চিত করুন। নিরাপদ ভ্রমণের জন্য এগুলো সঠিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে, রাইডিংয়ের সময় সতর্কতা অবলম্বন করুন। বর্ষায় গাড়ি ধীরে চালান, হঠাৎ ব্রেক কষা এড়িয়ে চলুন এবং পানি জমে থাকা রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সহজ নিয়মগুলো মেনে চললে বর্ষাকালেও আপনার ইলেকট্রিক স্কুটার থাকবে নিরাপদ ও সচল।
বিজ্ঞাপন
এজেড




