ম্যাক্সি স্কুটারের বাজারে নতুন চমক নিয়ে এলো জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা সুজুকি। তাদের জনপ্রিয় স্কুটার বার্গম্যানের আপডেটেড সংস্করণ ‘সুজুকি বার্গম্যান ১৫০’ (Suzuki Burgman 150) বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। আপাতত কলম্বিয়ার বাজারে এই নতুন স্কুটারটি লঞ্চ করা হয়েছে। মূলত ল্যাটিন আমেরিকান মার্কেটকে লক্ষ্য করেই এই শক্তিশালী স্কুটারের উৎপাদন শুরু করেছে সুজুকি।
বাজারে থাকা সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ মডেলের তুলনায় নতুন এই ১৫০ সিসির স্কুটারটি দেখতে অনেকটাই আলাদা এবং আকর্ষণীয়। এর সামনের অংশ বেশ চওড়া করা হয়েছে। ফ্রন্ট কাউলের সঙ্গে এতে যুক্ত করা হয়েছে আধুনিক এলইডি ডিআরএল সেটআপ। এর পাশাপাশি স্কুটারটিতে রয়েছে আকর্ষণীয় এলইডি হেডলাইট এবং এলইডি টার্ন সিগন্যাল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কম দামে ক্যাফে রেসার মোটরসাইকেল আনছে টিভিএস
নতুন এই স্কুটারে একাধিক আধুনিক ফিচার যুক্ত করেছে সুজুকি। এর সামনের ইন্সট্রুমেন্ট কনসোলে দেওয়া হয়েছে টিএফটি ডিসপ্লে, যার মাধ্যমে রাইডাররা টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশনের সুবিধা পাবেন। এছাড়াও রাইডিংকে আরও নিরাপদ ও সহজ করতে স্কুটারটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, কি-লেস ইগনিশন এবং সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম।
পারফরম্যান্সের জন্য এই স্কুটারে ব্যবহার করা হয়েছে একটি ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে ১৪.২ বিএইচপি পাওয়ার এবং ১৪.২ এনএম টর্ক উৎপন্ন হয়। ১৪৫ কেজি ওজনের এই স্কুটারটির পাওয়ার-টু-ওয়েট রেশিও বেশ চমৎকার। গ্লোবাল মার্কেটে এই স্কুটারটির দাম ১.৪ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার আশেপাশে রাখা হয়েছে।
ভারত ও বাংলাদেশের বাজারে এখনও এই স্কুটারটি লঞ্চ করা নিয়ে সুজুকির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে বাজার বিশেষজ্ঞদের ধারণা, ভারতের বাজারে এটি লঞ্চ হলে হিরো জুম কিংবা ইয়ামাহা অ্যারক্সের মতো জনপ্রিয় স্কুটারগুলোর সঙ্গে জোরদার টেক্কা দেবে সুজুকির এই নতুন ম্যাক্সি স্কুটার।
বিজ্ঞাপন
এজেড




