টু-হুইলার বাজারে ১০০ সিসি কমিউটার বাইকের কথা বললেই সবার আগে আসে হোন্ডা শাইন ১০০ এবং বাজাজ প্ল্যাটিনা ১০০-এর নাম। মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে তৈরি এই দুটি বাইকই তাদের অসাধারণ জ্বালানি সাশ্রয় এবং দীর্ঘস্থায়িত্বের জন্য পরিচিত। কিন্তু একবার ফুল ট্যাঙ্ক করলে সারা মাস চালানোর জন্য কোনটি সেরা? এই প্রতিবেদনে থাকছে তার বিস্তারিত তুলনা।
ডিজাইন ও লুকের পার্থক্য
বিজ্ঞাপন
হোন্ডা শাইন ১০০-এর ডিজাইন বেশ আধুনিক ও স্টাইলিশ। এতে একটি পাতলা ফুয়েল ট্যাঙ্ক এবং ক্রোম ফিনিশিং ব্যবহার করা হয়েছে যা বাইকটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। মাত্র ৯৯ কেজি ওজন হওয়ায় শহরের ব্যস্ত রাস্তায় এটি চালানো খুব সহজ। এটি লাল, নীল ও কালোসহ পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যায়। অন্যদিকে, বাজাজ প্ল্যাটিনা ১০০-এর ডিজাইন কিছুটা ক্লাসিক ঘরানার। এর সিট বেশ লম্বা এবং এতে সোনালি রঙের সাসপেনশনের পাশাপাশি এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে। তবে ওজনের দিক থেকে এটি হোন্ডার চেয়ে কিছুটা ভারী, যার ওজন ১১৭ কেজি।
ইঞ্জিন ও পারফরম্যান্সের লড়াই
ইঞ্জিনের সক্ষমতার দিক থেকে বাজাজ প্ল্যাটিনা সামান্য এগিয়ে রয়েছে। এতে রয়েছে ১০২ সিসি ডিটিএস-আই ইঞ্জিন যা ৭.৭৯ বিএইচপি শক্তি এবং ৮.৩৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বিপরীতে হোন্ডা শাইন ১০০-তে ব্যবহার করা হয়েছে ৯৮.৯৮ সিসি ৪-স্ট্রোক এসআই ইঞ্জিন। এটি ৭.২৮ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে। তবে হোন্ডার ইঞ্জিনে ফুয়েল ইনজেকশন সিস্টেম থাকায় এর নির্গমন কম এবং কর্মক্ষমতা বেশ মসৃণ।

বিজ্ঞাপন
মাইলেজ ও রাইডিং কমফোর্ট
মাইলেজের দৌড়ে বাজাজ প্ল্যাটিনা ১০০ কিছুটা এগিয়ে থাকছে। কোম্পানি দাবি করছে যে এটি প্রতি লিটারে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। অন্যদিকে হোন্ডা শাইন ১০০ প্রতি লিটারে প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। রাইডিং আরামের ক্ষেত্রে বাজাজ তাদের 'কমফোর্টেক' প্রযুক্তি ব্যবহার করেছে যা দীর্ঘ যাত্রায় রাইডারকে কম ক্লান্ত করে। এর লম্বা সিট এবং প্রশস্ত রবার ফুটপ্যাড বাড়তি সুবিধা যোগ করে। তবে হোন্ডার সাইলেন্ট স্টার্ট ফিচার এবং কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) রাইডিং অভিজ্ঞতাকে নিরাপদ ও আধুনিক করে তোলে।
আরও পড়ুন: কীভাবে বুঝবেন আপনার মোটরসাইকেলের টায়ার বদলানোর সময় হয়েছে?
দাম ও সিদ্ধান্ত
দামের ক্ষেত্রে হোন্ডা শাইন ১০০ কিছুটা বেশি সাশ্রয়ী। ভারতের বাজারে এর এক্স-শোরুম দাম প্রায় ৬৫,৫৫৭ রুপি থেকে শুরু হয়। অন্যদিকে বাজাজ প্ল্যাটিনা ১০০-এর প্রারম্ভিক দাম ৬৫,৮৯৭ রুপি। আপনি যদি একটি হালকা, নির্ভরযোগ্য এবং আধুনিক প্রযুক্তির বাইক খুঁজছেন তবে হোন্ডা শাইন ১০০ আপনার জন্য সেরা হতে পারে। তবে আপনার মূল লক্ষ্য যদি হয় সর্বোচ্চ মাইলেজ এবং আরামদায়ক রাইডিং, তবে বাজাজ প্ল্যাটিনাই হবে আদর্শ পছন্দ।
এজেড

