রাসুলুল্লাহ সা.-এর বিবাহসমূহকে শুধু ব্যক্তিজীবনের কিছু ঘটনা হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব নয়। প্রতিটি বিবাহের সঙ্গে জড়িয়ে আছে তৎকালীন আরবের সামাজিক বাস্তবতা, মানবিক সম্পর্ক, আদর্শিক সংস্কার, দাওয়াতি প্রজ্ঞা, অসহায় মানুষের আশ্রয় এবং উম্মাহর জন্য বহুমুখী শিক্ষা। ‘প্রিয়নবী সা.-এর বিবাহের ইতিহাস’ গ্রন্থে লেখক এনামুল করীম ইমাম সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টিকেই পাঠকের সামনে তুলে ধরেছেন সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহী ভাষায়।
এই গ্রন্থের বিশেষ দিক হলো, নবীজি সা.-এর বিবাহসমূহকে বিচ্ছিন্ন ঘটনায় সীমাবদ্ধ না রেখে সেগুলোর পারিপার্শ্বিক প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের জীবন-বাস্তবতার সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ফলে পাঠক একদিকে যেমন নবীজি সা.-এর সম্মানিত স্ত্রীদের জীবনের সঙ্গে পরিচিত হন, অন্যদিকে তৎকালীন আরব সমাজের পারিবারিক ও সামাজিক বাস্তবতারও একটি ধারণা লাভ করেন।
বর্তমান সময়ে নবীজি সা.-এর পারিবারিক জীবন নিয়ে নানা প্রশ্ন, আপত্তি ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পড়ছে। অনেক সময় অসম্পূর্ণ তথ্য, প্রেক্ষাপটহীন আলোচনা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনার কারণে সাধারণ পাঠকের মনে সংশয় সৃষ্টি হয়। এমন বাস্তবতায় সীরাতের নির্ভরযোগ্য বর্ণনার আলোকে নবীজি সা.-এর বিবাহিত জীবনকে জানা অত্যন্ত জরুরি। এ দিক থেকে বইটির বিষয় নির্বাচন নিঃসন্দেহে সময়োপযোগী।
লেখকের ভাষার সহজতা গ্রন্থটির অন্যতম আকর্ষণ। কঠিন ও দুর্বোধ্য আলোচনার পরিবর্তে সাধারণ পাঠকের উপযোগী করে বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা বইটিকে পাঠযোগ্য করে তুলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নবীজি সা.-এর পারিবারিক জীবনকে সহজভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের গ্রন্থের গুরুত্ব রয়েছে।
আরও পড়ুন
সমালোচনার মুখে হাফেজদের দেওয়া বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
ইসলামি বইমেলায় জবি ও চবি শিক্ষকের দুটি বইয়ের মোড়ক উন্মোচন
সবচেয়ে বড় কথা, এ বই শুধু কিছু ঐতিহাসিক ঘটনা জানার সুযোগ দেয় না; বরং পাঠককে বারবার ফিরিয়ে নিয়ে যায় ভালোবাসার সেই মহান মানুষটির কাছে, যাঁর জীবন ছিল মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পারিবারিক জীবনের সৌন্দর্য, স্ত্রীদের প্রতি সম্মান, ভালোবাসা ও মমত্ববোধ পাঠকের হৃদয়ে নবীপ্রেমকে আরও গভীর করার অনুপ্রেরণা জোগাতে পারে।
হসন্ত প্রকাশন থেকে ইসলামি বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত ‘প্রিয়নবী সা.-এর বিবাহের ইতিহাস’ তাই সিরাতবিষয়ক পাঠে একটি সময়োপযোগী সংযোজন।
নবীজি সা.-এর বিবাহ ও পারিবারিক জীবন সম্পর্কে জানতে আগ্রহী পাঠকের জন্য বইটি হতে পারে জ্ঞান, ভালোবাসা ও আত্মশুদ্ধির এক সুন্দর পাঠসঙ্গী। বিশেষত যারা রাসুলুল্লাহ সা.-কে শুধু ইতিহাসের মহানায়ক হিসেবে নয়; বরং নিজেদের জীবনের আদর্শ ও ভালোবাসার কেন্দ্র হিসেবে জানতে চান—তাদের জন্য এ গ্রন্থের পাঠ হতে পারে হৃদয়কে নরম করে দেওয়া এক অনন্য অভিজ্ঞতা।
গ্রন্থ: প্রিয়নবী সা.-এর বিবাহের ইতিহাস
লেখক: এনামুল করীম ইমাম
প্রকাশক: হসন্ত প্রকাশন
প্রকাশকাল: ইসলামি বইমেলা-২০২৬
জেবি




