শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ এএম

শেয়ার করুন:

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

চার দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর চিরবিদায় নিলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৬২ বছর৷ বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে তিনি মারা যান।

কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন আমীরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া, কবিতা ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। প্রকাশিত বইগুলোর অধিকাংশই শিশুসাহিত্যনির্ভর।

শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আমীরুল ইসলাম। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি।

শিশুদের কল্পনাজগৎ, আনন্দ-বেদনা ও চারপাশের জীবনকে সাহিত্যে সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরার মাধ্যমে তিনি বাংলা শিশুসাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমীরুল ইসলাম। অনুষ্ঠান নির্মাণ, পরিকল্পনা ও ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা ছিল। চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর