জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা মনে করেন, ‘ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে শুধু প্রতিযোগিতার আয়োজনই যথেষ্ট নয়। পাশাপাশি নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশ, নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম এবং পরিবারের আস্থাও নিশ্চিত করতে হবে।’
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এখন অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
বুধবার (১২ আগস্ট) রংপুরের ক্রীড়াঙ্গন পরিদর্শনকালে এসব কথা বলেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সফরকালে তিনি রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং নারীদের জন্য ক্রীড়ার উন্নয়ন ও বিকাশে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে রংপুর জেলা সার্কিট হাউজে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন শুক্লা। সভায় রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বর্তমান অবস্থা, সম্ভাবনা, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া অবকাঠামো, প্রয়োজনীয় সরঞ্জাম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল, কোতোয়ালী/গংগাচড়া) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর মো. রমিজ আলম উপস্থিত ছিলেন। এছাড়া অবসরপ্রাপ্ত খেলোয়াড়, স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষক এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্নাসহ অ্যাডহক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আর্থিক অসচ্ছলতা, রক্ষণশীলতার উত্থান, নিরাপত্তার অভাব, বাল্যবিবাহ এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামের সংকটের মতো প্রতিবন্ধকতা দূর করে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।
তারা আরও বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করলে পরিবারগুলোকে মেয়েদের পাশে দাঁড়াতে হবে। ক্রীড়াজীবন থেকে আয় ও সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে- এমন আস্থা পরিবার ও সমাজের মধ্যে তৈরি করা জরুরি।
এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আসন্ন দ্বিতীয় পর্ব, চলমান প্রাইম মিনিস্টার’স কাপসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। এসব প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান নারী খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
এসময় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে হলে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আমরা চাই, একজন মেয়ে খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যৎ পেশা ও ক্যারিয়ার হিসেবেও বেছে নেওয়ার সুযোগ পাক। এ ক্ষেত্রে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’
সভায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
পরে বিকেলে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এসময় তিনি কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে সকালে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতির নেতৃত্বে একটি দল রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করে। তারা কমপ্লেক্সের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং এটিকে রংপুরের নিয়মিত খেলাধুলার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
টিএই/এএইচ