জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১৮ জন নারী উদ্যোক্তার মধ্যে ব্যবসায়িক পুঁজি বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং নারী উন্নয়ন শক্তির (এনইউএস) আয়োজনে ‘ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও সফল উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি ১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হয়।
রোববার (২ আগষ্ট) ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগে নারী উন্নয়ন শক্তির প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও পুঁজি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান। সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা প্রাভিন।
অনুষ্ঠানে জানানো হয়, স্বল্পশিক্ষিত, নিম্ন আয়ের এবং সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এর মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই ছিল মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১৮ জন নারীকে ব্যবসায়িক পুঁজি দেওয়া হয়। আয়োজকদের আশা, তারা নিজ নিজ ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মাধ্যমে আয় বৃদ্ধি, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিএই/এআরএম