images

নারী ও শিশু

কর্মজীবী নারীদের জন্য সুখবর, সারাদেশে হবে ৮০টি দিবাযত্ন কেন্দ্র

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

২০২৬-২০২৭ এর জাতীয় বাজেটে কর্মজীবী নারীদের সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সারাদেশে কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে ২০টি এবং পরের ধাপে আরো ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান। 

নারী ও শিশু উন্নয়ন খাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে আগামী ২০২৬-২৭ অর্থবছরে পাঁচ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন মন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক। তাই, নারীর ক্ষমতায়ন ও শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে আমরা নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছি, যেমন-কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ১০ লাখ ৪ হাজার নারীকে মাসিক ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ‘কুইক রেসপন্স টিম’ অধিকতর শক্তিশালী করা হচ্ছে। 

পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের ১৭টি জেলায় ৩৩টি ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’  পরিচালিত হচ্ছে।

এমআইকে/ক.ম