ঢাকা মেইল ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
নারীর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য শিক্ষা এবং ক্যান্সার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘আমরা নারী’-এর উদ্যোগে নারায়ণগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) ‘আমরা নারী’ ও সিওক হেল্থকেয়ার-এর যৌথ উদ্যোগে এবং চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়ানজু ও জেলা পুলিশ, নারায়ণগঞ্জ-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ লিন জিং, অ্যাসোসিয়েট চিফ ফিজিশিয়ান ও ভাইস ডিরেক্টর, ইন্টারন্যাশনাল অনকোলজি ওয়ার্ড, মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়ানজু। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা এবং প্রযুক্তিনির্ভর উন্নত চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তাসমীন আক্তার, পিপিএম (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন ও মো. হাসিনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সিওক হেল্থকেয়ার-এর কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনেরা।
আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, “স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে ক্যান্সারের মতো জটিল রোগ মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষা, গণসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর জোর দেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নারীদেরসহ বৃহত্তর সমাজের মধ্যে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব, আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা, সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা, জীবনযাপনজনিত ঝুঁকি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।