নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান- পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। সোমবারের (৩০ নভেম্বর) মধ্যে তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে।
ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত এবং সোমবার (৩০ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরির আভাস রয়েছে।
তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কিছু আবহাওয়া মডেল বলছে, সিস্টেমটি শক্তি সঞ্চয় না করেই দুর্বল হয়ে যেতে পারে।
ভারতের আবহাওয়া দফতর আরও বলছে, ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। বিভিন্ন মডেল অনুযায়ী সম্ভাব্য সিস্টেমটি শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের (তামিলনাড়ু) দিকে অথবা মায়ানমারের দিকে যেতে পারে। গতিপথ বদলালে ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। এই নাম প্রস্তাব করেছে মালদ্বীপ। নামটি উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের গাছের নামের সঙ্গে যুক্ত।
এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা সম্ভাব্য ঘূর্ণিঝড়টির ভবিষ্যৎ গতিপথ নিয়ে একমত নয় আবহাওয়ার প্রধান দুটি মডেল।
একটি বলছে, এর সম্ভাব্য গতিপথ হতে পারে মায়ানমারের দিকে। অন্যটি বলছে, সম্ভাব্য গতিপথ দেখাচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের দিকে। দুটি মডেলের এই বিপরীতমুখী পূর্বাভাস থেকেই বোঝা যাচ্ছে, সিস্টেমটির সম্ভাব্য গতিপথ এখনো কতটা অনিশ্চিত।
তবে বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’র গতিপথের ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে সাময়িক পরিবর্তন আসতে পারে বলেও জানাচ্ছেন তারা।
এএইচ