Dhaka Mail Logo

আবহাওয়া

নভেম্বরের বৃষ্টি কবে থামবে, শীত আসবে কখন?

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

নভেম্বরের শেষ দিকে এসে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি শীতের স্থায়ী আগমনের ইঙ্গিত নয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক শুক্রবার সকালে জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এ প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে। ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে তখনো বৃষ্টি শুরু না হলেও শিগগিরই এসব এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোরে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত। ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বর্ষণ বলা হয়। এ ছাড়া সাতক্ষীরায় ৬০, চাঁদপুরে ৫০, খুলনায় ৪৯, কয়রায় ৪৬, কুমিল্লায় ৪১, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ এবং বরিশালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৯ মিলিমিটার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। দেশের সব সমুদ্রবন্দরকে দেখাতে বলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত।

নভেম্বর মাসে কেন বৃষ্টি হয়

বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর ধীরে ধীরে শুষ্ক মৌসুম শুরু হয়। তবে নভেম্বরেও বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির দুটি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে, অন্যটি বর্ষার পরে—অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে। আবহাওয়াবিজ্ঞানে একে ঘূর্ণিঝড় সৃষ্টির ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি বৈশিষ্ট্য বলা হয়।

image

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবছর ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। এরপর সূর্যের আপাত অবস্থান দক্ষিণ দিকে সরতে থাকায় উত্তর গোলার্ধে দিন ছোট এবং রাত বড় হতে শুরু করে। এ সময় বঙ্গোপসাগরের পানি উষ্ণ থাকে। সমুদ্রপৃষ্ঠের পাশাপাশি পানির নিচের বিভিন্ন স্তরেও তাপ সঞ্চিত থাকে। সাগরের পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এ উষ্ণতার কারণে বাষ্পীভবনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়, যা লঘুচাপকে শক্তিশালী হতে সহায়তা করে। অনুকূল পরিস্থিতিতে লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং কখনো ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

সূর্যের দক্ষিণায়নের পাশাপাশি বাতাসের গতিবিধিও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সৃষ্টিতে ভূমিকা রাখে বলে জানান ড. মল্লিক। তাঁর ভাষ্য, প্রশান্ত মহাসাগর থেকে অস্ট্রেলিয়ার উত্তর পাশ ও দক্ষিণ চীন সাগর হয়ে আন্দামান সাগরের দিকে আসা বাতাস দক্ষিণ বঙ্গোপসাগরেও প্রবেশ করে। বাতাসের ঘূর্ণনের কারণে ওই অঞ্চলে কখনো লঘুচাপ তৈরি হয়। এর বর্ধিত অংশ আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। সাগরের পানির তাপমাত্রা অনুকূলে থাকলে এবং সমুদ্রপৃষ্ঠ ও ওপরের আকাশের বাতাসের গতির পার্থক্য কম হলে লঘুচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে না এলেও এর প্রভাবে বৃষ্টি হতে পারে। আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল অতিক্রম করার সময় সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের দিকে আসতে পারে। এতে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়। এসব কারণে নভেম্বরের বৃষ্টিকে স্বাভাবিক মৌসুমি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হয়।

আবহাওয়াবিদ বজলুর রশীদও বলেন, নভেম্বর মাসে নিয়মিত বৃষ্টিপাত খুব একটা হয় না। সাধারণত বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়।

স্বাভাবিকের তুলনায় এবার বৃষ্টি বেশি, নাকি কম?

আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে চলতি মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬ মিলিমিটার হলেও এবার ১৫ থেকে ২৫ মিলিমিটার হতে পারে। খুলনা বিভাগে স্বাভাবিক ২৯ মিলিমিটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে স্বাভাবিক ৪৪ মিলিমিটারের বিপরীতে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল।

চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক ৩৯ মিলিমিটারের বিপরীতে ৩৫ থেকে ৮০ মিলিমিটার এবং সিলেটে স্বাভাবিক ২৫ মিলিমিটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

তবে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শুক্রবার ও শনিবার একই পরিমাণে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এ মাসের মোট বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত মোট কত বৃষ্টি হয়েছে এবং আগের বছরগুলোর একই সময়ের তুলনায় তা বেশি, নাকি কম—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

আবুল কালাম মল্লিক বলেন, নভেম্বর মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কতটা বেশি বা কম হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বরে স্বাভাবিকভাবে তিন থেকে পাঁচ দিন বৃষ্টির কথা বলা হয়েছিল। তবে এবার বিভিন্ন বিভাগে গড়ে দুই থেকে চার দিন বৃষ্টির পূর্বাভাস ছিল। এরই মধ্যে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে চলমান বৃষ্টির দিনগুলো হিসাব করলে তা নভেম্বরের জন্য পূর্বাভাস দেওয়া দিনের কাছাকাছি পৌঁছাতে পারে, কোথাও কোথাও ছাড়িয়েও যেতে পারে। এ ছাড়া নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। এর মধ্যে একটি বা দুটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এই বৃষ্টি কি শীত নামিয়ে দেবে?

চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনও এমন অনুভূতি থাকতে পারে। তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

image

বজলুর রশীদ বলেন, চলমান বৃষ্টির পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে সাময়িকভাবে ঠান্ডা বাড়লেও পরবর্তী সময়ে তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে। তাই এই বৃষ্টিকে শীতের স্থায়ী আগমন বলা যাবে না।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এর প্রভাবে উত্তরাঞ্চলে আগে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীত অনুভূত হতে আরও কিছুটা সময় লাগতে পারে। এরই মধ্যে উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে।

আবুল কালাম মল্লিক বলেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার প্রভাবে বৃষ্টি হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে শুধু বৃষ্টির কারণেই শীত নামে না। নভেম্বরের শেষ দিকে দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময়ও কমে আসে। এর ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ে।

তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল থাকে। নভেম্বরের শেষ দিক থেকেই বাংলাদেশে শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। তবে বছরভেদে শীতের তীব্রতা কমবেশি হতে পারে।

এবারের শীত কেমন হতে পারে?

আবুল কালাম মল্লিকের মতে, চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। গত ৩০ বছরের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। এমনকি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

তবে এর অর্থ এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না কিংবা শৈত্যপ্রবাহ হবে না। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

এআর