নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যার নাম ‘আকভান’। এই ঝড়ের নামকরণ করেছে ইরান। এটি একটি ফারসি শব্দ। ইরানের মহাকবি ফেরদৌসী রচিত মহাকাব্য ‘শাহনামা’র একটি শক্তিশালী পৌরাণিক চরিত্র বা দৈত্যের নাম ‘আকভান’।
তবে ভয়ংকর এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানবে না। উত্তর-উত্তরপশ্চিম দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের অভিমুখে ধেয়ে যাচ্ছে ‘আকভান’। আগামী দুই দিনে শক্তি বাড়িয়ে এটি প্রথমে তীব্র ঘূর্ণিঝড় এবং পরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী শুক্রবার দুপুরে অন্ধ্র উপকূলে তা আছড়ে পড়তে পারে।
সোমবার (১৬ নভেম্বর) ভারতের আবহাওয়া অধিদফতর এমনটাই জানিয়েছে।
অধিদফতর বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্তমানে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছে। তার গতি এখন ঘণ্টায় ৬০ থেকে ৮৫ কিলোমিটার। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ১২০ থেকে ১৩০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।
দমকা হাওয়ার বেগ থাকতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূল দিয়ে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে চলেছে। নেল্লোর এবং তুনী শহরের মধ্যবর্তী অংশে তা আছড়ে পড়বে।
বুধবারের আগে পশ্চিমবঙ্গের উপকূলে এ ঝড় নিয়ে কোনো সতর্কতা নেই। তবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে এ রাজ্যে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। এছাড়া, কলকাতাসহ দক্ষিণের বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। তবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় পরিস্থিতির প্রভাব উত্তরবঙ্গে পড়বে না।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বড় দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে এই অঞ্চলের ১৩টি দেশ। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্যানেল সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
এই দেশগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী তৈরি তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ হয়। তারই ধারাবাহিকতায় এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘আকভান’ প্রস্তাব করেছে ইরান। আকভান হলো মায়াবী বা বহুরূপী এক দৈত্য। যে ইচ্ছেমতো রূপ বদলাতে সক্ষম।
এএইচ