Dhaka Mail Logo

আবহাওয়া

রংপুর, রাজশাহী ও খুলনায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

দেশের তিন বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ‘আজ (শুক্রবার) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ’

এ ছাড়া ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটি ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যদিকে সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।

এম/এএম