Dhaka Mail Logo

আবহাওয়া

দেশজুড়ে কবে নামবে শীত, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসলে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। বর্তমানে দেশের কোথাও কোথাও ভোরের দিকে কুয়াশার মতো ধোঁয়াশা দেখা যাচ্ছে, আবার কোনো কোনো অঞ্চলে এখনও দিনের বেলা কিছুটা গরমের অনুভূতি রয়েছে। তবে আগামী ডিসেম্বর মাস থেকে দেশজুড়ে পুরোদমে শীত পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে বলে তিনি জানান।

আবহাওয়াবিদ মল্লিকের মতে, নভেম্বরের মাঝামাঝি বা হেমন্তের প্রান্তিক পর্যায়ে হালকা হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পরবে। এ ছাড়াও এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি কম থাকবে।

অন্যদিকে, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।