Dhaka Mail Logo

আবহাওয়া

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

দেশের সব বিভাগেই আজ শুক্রবার (৯ অক্টোবর) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দুপুরের পর থেকে রাত পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই পূর্বাভাস দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত কমতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) দেশের কোথাও কোথাও হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ছবি- সংগৃহীত
শুক্রবার (৯ অক্টোবর) দেশের কোথাও কোথাও হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশের দেওয়া পূর্বাভাস অনুযায়ী-

ময়মনসিংহ বিভাগ: সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন উপজেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেঘালয় পাহাড়সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা বেশি।

বরিশাল বিভাগ: সকাল ৮টা থেকে ১১টার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। ভোলা ও পটুয়াখালীতে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে বিভাগের সব জেলায় বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগ: সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: সকাল ৮টা থেকে ১১টার মধ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

রংপুর বিভাগ: দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে বিভাগের সব জেলায় বৃষ্টি হতে পারে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ত্রিপুরার বিভিন্ন এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এএম