Dhaka Mail Logo

আবহাওয়া

অক্টোবরের প্রথমার্ধেই বিদায় নেবে বর্ষা, আসছে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

চলতি অক্টোবর মাসের প্রথমার্ধেই বর্ষা বিদায় নেবে। পাশাপাশি দ্বিতীয়ার্ধে থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। সেই সঙ্গে এই মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অক্টোবর মাসের জন্য দেওয়া আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়া অধিদফতরের পরিচালক আবহাওয়াবিদ মো.মমিনুল ইসলাম জানান, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ২ থেকে ৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

চলতি অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ছবি- সংগৃহীত
চলতি অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ছবি- সংগৃহীত

তিনি আরও জানান, এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। একই সঙ্গে এ মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। এ মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এ আবহাওয়াবিদ জানান, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে, তবে ভারি বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের কিছু কিছু স্থানে পানি সমতল সাময়িক ভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ থেকে ৬  ঘন্টা থাকতে পারে।

সেপ্টেম্বর যেমন ছিল আবহাওয়া

বিগত সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম ১৭ দশমিক ৯ শতাংশ বৃষ্টিপাত কম রেকর্ড করা হয়। খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি, বরিশাল বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগগুলোতে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ তৈরি হয়, যার মধ্যে দুটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়।

সেপ্টেম্বর মাসে সক্রিয় মৌসুমী বায়ু প্রবাহ, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবপ ভারী বর্ষণসহ দেশে বিক্ষিপ্তভাবে মাসের অধিকাংশ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সাথে বজ্রসহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ১৪২ মিলিমিটার  সিলেটে রেকর্ড (১১ সেপ্টেম্বর)  করা হয়।

২৯ সেপ্টেম্বর দেশে পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। সেপ্টেম্বর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হয়েছিলো সিলেটে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  এ মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি ছিল।

এমএইচএইচ/এএম