নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
গভীর নিম্নচাপ স্থল নিম্নচাপ আকারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াইকতোর কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে সকাল ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১৮.৮° উত্তর অক্ষাংশ এবং ৯৬.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহ, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
কাজী জেবুন্নেছা আরও জানান, ঝড়ের আশঙ্কা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।
এমএইচএইচ/এমআর