Dhaka Mail Logo

আবহাওয়া

ঝড়ো হাওয়ার পর বজ্রপাতসহ তুমুল বৃষ্টিতে সয়লাব রাজধানী

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে বাংলামোটর, রামপুরা, বারিধারাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় বয়ে গেছে ঝোড়ো বাতাস। বৃষ্টি শুরু হওয়ার পর বাতাস অনেকটা থেমে গেলেও কিছু সময় পরপর বজ্রপাতের শব্দ শোনা গেছে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড নেই।

/এফএ