Dhaka Mail Logo

আবহাওয়া

বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সামুদ্রিক সতর্কবার্তায় এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসাবে দক্ষিণপূর্ব ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এমএইচএইচ/এআরএম