Dhaka Mail Logo

আবহাওয়া

আগস্টে কেমন থাকবে আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৬, ০৭:০৬ এএম

সদ্য সমাপ্ত জুলাই মাসে মৌসুমি বায়ু, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এখন প্রশ্ন চলতি আগস্ট মাসে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া অধিদফতরের দেওয়া চলতি মাসের পূর্বাভাসে তাপপ্রবাহ, নিম্নচাপ ও স্বল্পমেয়াদী বন্যার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম বলেন, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় একটি-দুইটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

আগস্ট মাসে বিচ্ছিন্নভাবে দুই-একটি মৃদু (তাপমাত্রা ৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে, বলেন তিনি।

ভারি বর্ষণের কারণে স্বল্পমেয়াদী বন্যার আভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ বিষয়ে আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, আগস্ট মাসে নদ-নদীর পানি বাড়তে পারে; মৌসুমি ভারি বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, গেল মাসে স্বাভাবিকের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। তিনটি লঘুচাপ তৈরি হয়, যার মধ্যে দুটি নিম্নচাপে রূপ নেয়।

চট্টগ্রামে ৮ জুলাই সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ভারি বর্ষণ ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বিস্তীর্ণ অঞ্চলে। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, ঢল, বন্যা ও পাহাড় ধসে অন্তত অর্ধশতাধিক প্রাণহানি ঘটে। এ সময় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলাসহ সাত জেলায় পানিবন্দি হয়ে পড়ে লাখো পরিবার।

এ মাসে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এআরএম