Dhaka Mail Logo

শিক্ষা

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, আগস্টেই ছাপার নির্দেশ: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

জাতীয় শিক্ষাক্রমে বিভিন্ন শ্রেণিতে চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে আগামী আগস্টের শুরুতেই পাঠ্যবই ছাপার কার্যাদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সরকার কাজ করছে। ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পরপরই বই বিতরণ নিশ্চিত করতে নভেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, পাঠ্যবই ছাপার জন্য টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। দ্রুত ছাপার কাজ শুরু করতে আগামী আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে। ছাপাখানার সক্ষমতা নিয়ে কোনো সংকট হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

এহছানুল হক মিলন বলেন, জাতীয় শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি বই সংযোজন করা হবে।

ভাষা শিক্ষা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। তবে আগামী বছর থেকে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

এমএইচ/এএস