images

আবহাওয়া

ভারী বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতীয় অঞ্চলে প্রবল বর্ষণের কারণে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে, যা নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের ঝুঁকি তৈরি করতে পারে।

রোববার (১৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে পাউবো।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী এবং চতুর্থ ও পঞ্চম দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

প্রধান অববাহিকার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; গঙ্গা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

একই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এসময়ে নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলার সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যান্য অববাহিকার তথ্য অনুযায়ী, ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। 

নদীগুলোর পানি সমতল আগামী একদিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও কংস নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ভুলাই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

এছাড়া সিলেট বিভাগের সারিগোয়াইন ও জাদুকাটা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে মনু, ধলাই ও খোয়াই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এসময় খোয়াই নদী হবিগঞ্জ জেলায় সতর্কসীমাযর ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। 

এদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং ফেনী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

এমএইচএইচ/এএইচ