images

আবহাওয়া

জুনে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২৬, ১১:০৫ এএম

বর্ষার প্রথম মাস জুনে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার শঙ্কার কথা জানিয়েছে সরকারি সংস্থাটি।

মঙ্গলবার (২ জুন) জুন মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

সংস্থাটির পরিচালক ও আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, চলতি  মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

এ মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। দেশে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে।

মমিনুল ইসলাম আরো জানান, জুন মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসে দেশে ২ থেকে ৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ সেলসিয়াস) ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। জুন মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বৃদ্ধি পেতে পারে। চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘন্টা থাকতে পারে।

এমএইচএইচ/এমআর