নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৬, ০৮:১৬ এএম
দিনের প্রথমার্ধে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।
শুক্রবার (২৯ মে) আবহাওয়া অধিদফতরের ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বার্তায় বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এ ছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতে পারে বজ্রপাত।
এ অবস্থায় আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতও হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এফএ