images

আবহাওয়া

৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে উল্লেখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পক্ষে উপ-পরিচালকের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে নদীবন্দরগুলোতে থাকা নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে গরমের পরিস্থিতি নিয়েও স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা খুব বেশি বাড়বে না। কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে বর্তমান তাপমাত্রার কাছাকাছিই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।  
 
এআরএম