নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৬, ০৪:১০ পিএম
মে মাসে দেশে তাপপ্রবাহের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মাসজুড়ে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে পাঁচ থেকে আট দিন কালবৈশাখী ও বজ্রঝড়, যার মধ্যে দুই থেকে তিন দিন তীব্র আকার ধারণ করতে পারে।
রোববার (৩ মে) এক মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ও সংস্থাটির পরিচালাক মো. মমিনুল ইসলাম জানান, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তিনি আরো জানান, দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৮ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে তিনি জানান, এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া দেশে এক থেকে তিনটি মৃদু (৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) যার মধ্যে একটি যার মধ্যে ১টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মমিনুল ইসলাম বলেন, মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমূহে পানির সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ মিলিমিটার থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।
এমএইচএইচ/এফএ