images

আবহাওয়া

নেত্রকোনাসহ ৪ জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাশাপাশি নেত্রকোনার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী তিন দিন ভারি থেকে অভিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ফলে ওই অঞ্চলের হাওর অববাহিকার সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা, মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু-খোয়াই এবং নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। এসময় ওই নদীগুলো ও এর প্রধান উপ-নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ডুগাই-কংস নদীগুলোর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। তবে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভনের সই করা পূর্বাভাসে আরও জানানো হয়, নদীগুলোর পর্যবেক্ষণাধীন ৪৬টি পয়েন্টের মধ্যে ৪৩টিতে পানি বৃদ্ধি পাচ্ছে। বাকি তিনটি পয়েন্টে পানি হ্রাস পাচ্ছে।

এএম/এএইচ