নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম
কয়েক দিন ধরেই তীব্র গরমে নাকাল রাজধানীবাসী। তীব্র রোদ আর ভ্যাপসা গরমের দাপটে নগরবাসীর স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে দু-একদিন আকাশে হালকা মেঘ জমলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির।
রোববার সকালে দু-এক ফোঁটা করে বৃষ্টি পড়লেও তা স্বস্তি দেওয়ার মতো ছিল না, বরং গুমোটভাব আরও বাড়িয়ে তুলেছে। এমন অবস্থায় দুপুরের পর ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে গেলেও এখনো অধরাই রয়ে গেছে কাঙ্ক্ষিত বৃষ্টি।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নগরবাসী বৃষ্টির অপেক্ষায় আছেন। বৃষ্টির শীতল পরশে প্রকৃতি যেমন স্বস্তি পাবে, তেমনি জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা সবার।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে ঢাকায় বৃষ্টির ঝরার সম্ভাবনার কথা বলা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানানো হয়েছে। পাশাপাশি ঢাকাসহ দেশের অন্যান্য এলাকাতেও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি দেখা দিতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি ফিরতে পারে।
আবহাওয়াবিদ ডা. মো. ওমর ফারুক জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এছাড়া আগামীকাল সোমবার থেকে শুক্রবার (১ মে) সকাল ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বর্ধিত পাঁচদিনের শেষের দিকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঢাকা শহরের ওপর দিয়ে দ্বিতীয়বারের মতো শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিকেল ৬টার পর থেকে রাত ১০ টার মধ্যে এই ঝড় হতে পারে বলে জানান তিনি।
ফেসবুক পোস্টে পলাশ আরো লিখেছেন, আজ দুপুর ৩টার পর থেকে রাত ৩টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ৯ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপর দিয়ে ঝড় পৌঁছানোর আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে রাত ৯টার পর থেকে রাত ৩টার মধ্যে। বরিশাল ও খুলনা বিভাগের উত্তর দিকের কোন-কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
এমআর