নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম
অবশেষে বৃষ্টির ছোঁয়া পেতে পারে ঢাকাবাসী। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। দীর্ঘদিনের তীব্র গরমের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে।
এদিকে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
একই সঙ্গে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এআরএম