নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
দেশের আট বিভাগের কিছু জায়গায় বুধ ও বৃহস্পতিবার (৮-৯ এপ্রিল) কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদফতর। এছাড়া বুধবার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলছেন, বর্ষা-পূর্ববর্তী এ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় আবহাওয়ার স্বাভাবিক পরিক্রমার অংশ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, আর কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
কাজী জেবুন্নেসা বলেন, ‘বছরের এ সময়ে বৃষ্টি ও কালবৈশাখী স্বাভাবিক। মঙ্গলবারও দেশের কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবারও কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড় বা অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি দশমিক ২ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই সময়ে নেত্রকোণায় সর্বোচ্চ ৪৯ মিলিমিটার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর৷
৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় এবং শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ক.ম/