নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে ১০ দিন কালবৈশাখী ঝড় হওয়ার পাশাপাশি ৬টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।
পূর্বাভাসে তিনি জানান, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তিনি আরও জানান, এ মাসে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
তাপপ্রবাহের পূর্বাভাসে তিনি জানান, এ মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস), ২ থেকে ৩টি মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এপ্রিল মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।
এমএইচএইচ/এআর