নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম
দেশের ১৫ অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় দেশে ১৫ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশ এলাকার আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৫৯ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এমআর