আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
২০২০ সালের কথা মনে পড়লে অনেকেই এখনও আঁতকে ওঠেন। ছয় বছর আগে কাটিয়ে আসা সেই সময়টি এখনও বহু মানুষের স্মৃতিতেই যেন অভিশাপ!
বিশ্বজুড়ে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস কোভিড-১৯। কান পাতলেই ভেসে আসছিল স্বজন হারানোর যন্ত্রণা। প্রিয়জনের পাশাপাশি অনেকেই চাকরিও হারান সে সময়ে। বহু ব্যবসা বন্ধ হয়ে যায়। লম্বা সময়ের জন্য জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল।
এমনকি, পরবর্তী কালেও কোভিডের আতঙ্ক পুরোপুরি মুছে যায়নি। মহামারীর প্রকোপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে অধিকাংশ মানুষকেই যথেষ্ট বেগ পেতে হয়েছে।
এবার ভাবুন, সামনে হয়তো এমন একটি বছর আসতে চলেছে, যা ২০২০ সালের থেকেও মারাত্মক! তবে, এ ক্ষেত্রে কোনও রোগের কারণে স্বজন হারানোর যন্ত্রণা ভোগ করতে হবে না। উল্টো, অত্যাধুনিক প্রযুক্তি তথা কৃত্রিম মেধার দাপাদাপি এতটাই বৃদ্ধি পাবে যে, সাধারণ মানুষের হাতে আর চাকরি থাকবে না!
ফলে, না খেয়ে মরতে হবে রক্ত-মাংসের মানুষকে। অন্তত তেমনটাই দাবি করছেন কৃত্রিম মেধা বা এআই গবেষক নিকোলা জুরকোভিচ।
পাশ্চাত্য দেশগুলিতে এখন ‘থ্যাঙ্কস গিভিং’-এর মৌসুম। এই সময়ে সেখানকার অধিকাংশ সংস্থাতেই কাজ বন্ধ থাকে। বেশির ভাগ মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়ে বাড়ি যান।
কিন্তু, এই ছুটির মৌসুমেই তাদের প্রতি একটি সতর্কতামূলক বার্তা পোস্ট করলেন নিকোলা। এক্স হ্যান্ডলে অসহায়ের মতো জানালেন, তিনি বুঝতে পারছেন না, পরের বছরের ‘থ্যাঙ্কস গিভিং’ পরিবারের সঙ্গে পালন করতে পারবেন কি না!
হ্যাঁ। ২০২০ সালের থেকেও খারাপ বছরটি আমাদের থেকে খুব বেশি দূরে নেই! নিকোলের দাবি, ২০২৭ সালেই ভয়ঙ্কর কিছু হতে চলেছে, যার নেপথ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

নিকোল এমইটিআর নামে একটি অলাভজনক সংস্থার কর্মী। এই সংস্থার তরফে প্রবল ঝুঁকিবহুল ক্ষেত্রগুলিতে অত্যাধুনিক এআই ব্যবস্থাপনা পরীক্ষা করা হয়। সেই সংস্থারই কারিগরি দলের এক জন সদস্য নিকোল।
এক্স হ্যান্ডলে করা পোস্টে নিকোল জানান, বহু বছর ধরেই তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিন্তায় ভুগছেন। কিন্তু, এতদিন এ নিয়ে মুখ খোলেননি। তবে, নিকোল মনে করছেন অনেক দেরি হয়ে যাওয়ার আগেই এই বিষয়ে তার কথা বলা উচিত। এটি তার কর্তব্যের মধ্যেই পড়ে বলে দাবি করেছেন নিকোল।
এক্স হ্যান্ডলে সাধারণের প্রতি লেখা খোলা চিঠিতে নিকোল জানিয়েছেন, চলতি বছরেই এআই একাধিক গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলেছে। বহু সংস্থাকে হ্যাক করেছে এআই।
তবে, এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপকতার ফলে আমাদের কেবল আর্থিক ক্ষতির মুখেই পড়তে হয়েছে। কিন্তু নিকোল মনে করছেন, আগামী বছর সেই ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
কেবল আর্থিক ক্ষতিতেই সীমিত থাকবে না বিষয়টি। নিকোলের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তের ফলে বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে!
কেন এমন দাবি করছেন নিকোল? কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক এই দাবির নেপথ্যে তিনটি কারণ উল্লেখ করেছেন। প্রথম কারণ হিসেবে জানিয়েছেন, এআই নাকি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে! এখানেই শেষ নয়।
নিকোলের আরও দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের হাতের বাইরে চলে গিয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে প্রবেশ করবে। যার ফলে, সংশ্লিষ্ট সংস্থাগুলি যে ব্যাপক সমস্যার সম্মুখীন হবে, তা বলাই বাহুল্য।

দ্বিতীয় কারণ হিসেবে নিকোল জানিয়েছেন, খারাপ প্রবৃত্তির মানুষ বা দুষ্কৃতীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভয়ঙ্কর জৈবিক অস্ত্র তৈরি করতে পারে, যা গোটা বিশ্বের জন্য মোটেই শুভ হবে না। উল্টো, তাতে অপরাধের পরিমাণ আরও বাড়তে পারে।
তৃতীয় কারণ হিসেবে নিকোল দাবি করেছেন, সংস্থার মাথা বা প্রধান ব্যক্তিরা বেশির ভাগ দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে তুলে দেবেন। এর জেরে চাকরির আকাল দেখা দেবে। বহু মানুষ চাকরি হারাবেন। কর্মসংস্থানের অভাব দেখা দেবে।
আতঙ্কের বিষয় হল, এই সব ঘটনাই আসন্ন ২০২৭ সালে হতে পারে বলে মনে করছেন নিকোল। এআই গবেষকের অনুমান, কঠিন বৈশ্বিক নিয়ম ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেকে উন্নত করতে শুরু করবে।
আরও পড়ুন:
সেই উন্নতির পরিমাণ এত ব্যাপক হারে হবে যে, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদেরও ছাপিয়ে যাবে এআই! ২০২৭ সালের মধ্যেই এমনটা হতে পারে বলে দাবি করছেন নিকোল।
নিকোল আরও দাবি করেছেন, এ ধরনের লাগামছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ব্যবস্থা এমন লক্ষ্য নিয়ে ছুটবে, যা মানব অস্তিত্বের সঙ্গে সংঘর্ষমূলক সম্পর্ক গড়ে তুলবে।
নিকোলের মতে, বড় ধরনের কোনও মন্দা দেখা না দিলে, ২০৩০ সালের শেষ নাগাদ মানবজাতি ক্ষমতাহীন হয়ে পড়বে। নিকোল আশঙ্কা প্রকাশ করেছেন, হয়তো চলতি বছরের মতো আগামী বছর মানুষজন ছুটির দিনগুলি তাদের পরিবারের সঙ্গে কাটাতে পারবেন না।
৫ থেকে ২০ শতাংশ মানুষ ২০২৭ সালে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যেতে ব্যর্থ হবেন বলে মনে করছেন নিকোল। তবে, এই সব দাবির স্বপক্ষে কোনও প্রতিষ্ঠিত তথ্য বা প্রমাণ নেই, সবটাই নিকোলের ভাবনা।
নিকোল আরও অনুমান করেছেন, মানবজাতি যদি বেঁচেও যায়, বিশ্ব অর্থনীতি নাকি ওলট-পালট হয়ে যাবে! এআই গবেষকের ভবিষ্যদ্বাণী, বেশির ভাগ চাকরি বিলুপ্ত হয়ে যাবে। যার ফলে, আগামী ১০ বছরের মধ্যে অধিকাংশ মানুষই বেকার ঘুরে বেড়াবেন।
শিক্ষা এবং কর্মজীবন থেকে শুরু করে পরিবার শুরুর পরিকল্পনা, আগামী পাঁচ বছরের মধ্যে নাকি এগুলি সবই ভেস্তে যেতে চলেছে। এর কারণ হিসেবে নিকোল কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপকতাকে।
এআই গবেষক জানিয়েছেন, তার বন্ধুরাও নাকি এই বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন। নিকোলের দাবি, তার যে সব বন্ধুর ছোট সন্তান রয়েছে, তারা চিন্তায় ভুগছেন এই আশঙ্কা করে যে তাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই হয়তো মারা যাবে!
এই মর্মে নিকোল তার পরিবারকে পরামর্শ দিয়েছেন, দু’সপ্তাহের প্রয়োজনীয় খাবার ও পানি মজুত রাখতে। একই সঙ্গে, অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থা যদি অচল হয়ে পড়ে, সে কথা মাথায় রেখে বাড়িতে নগদ সঞ্চয় করে রাখার কথাও বলেছেন!
পরামর্শের সঙ্গে সতর্কবাণী দিয়ে নিকোল জানিয়েছেন, আগামী বছরে কোভিডের থেকেও ভয়ঙ্কর কোনও বিঘ্ন সৃষ্টিকারী ঘটনা ঘটতে পারে।
নিকোলের দাবি সত্যি হলে, প্রশ্ন ওঠে এই মারাত্মক পরিণতি আটকানোর কি কোনও রাস্তা নেই? গবেষকের বক্তব্য, পদক্ষেপ করার জন্য হাতে খুবই অল্প সময় রয়েছে।
নিকোল মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার গতি কমাতে কঠোর বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণ করতে হবে। যদিও হাতেগোনা কয়েকটি মার্কিন সংস্থা এআই উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে, তা সত্ত্বেও এ ক্ষেত্রে নিকোল ‘ইইউ এআই অ্যাক্ট’কে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।
দাবি করেছেন, ইউরোপ এমন কোনও নিরাপত্তা মান নির্ধারণ করতে পারে, যা আমেরিকার সংস্থাগুলি অনুসরণ করবে।
জনসাধারণের কাছে নিকোলের অনুরোধ, তারা যেন বন্ধুবান্ধবের সঙ্গে এআই-এর খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করেন।
রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে যেন সাধারণ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বৈশ্বিক নিয়মকানুন আরোপ করার দাবি জানান, সেই আর্জিও করেছেন।
এমনকি, নিকোল কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী, অর্থনীতিবিদ এবং দার্শনিকদেরও এআই সুরক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
এক্স পোস্টে নিকোলের লেখা কথাগুলি ‘বাড়িয়ে বলা’ বলে মনে হলেও, এর আগেও একাধিক বিশিষ্ট ব্যক্তি তথা বিজ্ঞানী ও গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপকতা নিয়ে সতর্ক করেছেন।
চলতি সময়ে বিভিন্ন সংস্থাগুলির কর্মী ছাঁটাইয়ের হিড়িক যে এআই-এর মানবজীবনে জাঁকিয়ে বসার সাক্ষ্য বহন করছে, এমন দাবিও নানা মহলে উঠছে।
তবে, ২০২৭ সাল সত্যিই মানুষের জন্য এতটা খারাপ সময় নিয়ে আসছে কি-না, তা সময়ই বলতে পারবে।
-এমএমএস