Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

মৃত্যুর পর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কেন খোলে না ফোন? আনলক কীভাবে করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

এখনকার অধিকাংশ স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে সহজেই ডিভাইস আনলক করা যায়। কিন্তু মৃত্যুর পর কারও আঙুলের ছাপ ব্যবহার করে এই সেন্সরের মাধ্যমে ফোন আনলক করা সম্ভব নয়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কার্যপ্রণালী এবং মৃত্যুর পর মানবদেহে ঘটে যাওয়া স্বাভাবিক পরিবর্তনের কারণেই এমনটি ঘটে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সুরক্ষিত রাখতে অ্যাপল ও গুগলের বিশেষ ডিজিটাল উত্তরাধিকার সুবিধা সম্পর্কেও জেনে রাখা জরুরি।

স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কেবল আঙুলের ছাপের রেখা বা ছবি ধারণ করে না। এটি ত্বকের সামান্য আর্দ্রতা, শরীরের উষ্ণতা এবং ভেতরের অত্যন্ত সূক্ষ্ম বৈদ্যুতিক সংকেতও শনাক্ত করতে পারে। এসব বৈশিষ্ট্যের সমন্বয়ে সেন্সর বুঝতে পারে যে রাখা আঙুলটি জীবিত মানুষের কি না। সব তথ্য বিশ্লেষণ ও যাচাই করার পরই ডিভাইস আনলক হয়।

images_(2)

জীবিত মানুষের শরীরে অবিরাম রক্ত সঞ্চালন চলতে থাকায় ত্বকে সামান্য বৈদ্যুতিক সংকেত এবং প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে। কিন্তু মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং আঙুলের ত্বক শুকাতে শুরু করে। এর ফলে ত্বকের সেই সূক্ষ্ম বৈদ্যুতিক সংকেত আর পাওয়া যায় না, যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সঠিকভাবে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া মৃত্যুর পর ত্বক কুঁচকে যায় এবং আঙুলের ছাপের গঠনেও সূক্ষ্ম পরিবর্তন আসে। এই অবস্থায় সেন্সর আঙুলের ছাপ মিলিয়ে দেখতে না পেরে তা অবৈধ হিসেবে গণ্য করে এবং ফোন আনলক করতে দেয় না।

eyJidWNrZXQiOiJjb250ZW50Lmhzd3N0YXRpYy5jb20iLCJrZXkiOiJnaWZcL2ZpbmdlcnByaW50LXNjYW5uZXIuanBnIiwiZWRpdHMiOnsicmVzaXplIjp7IndpZHRoIjo4Mjh9fX0=

কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারের সদস্যরা যেন প্রয়োজনীয় ছবি, নথিপত্র বা জরুরি তথ্য পেতে পারেন, সেজন্য বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান বিশেষ সুবিধা দিয়ে রেখেছে। যেমন আইফোন ব্যবহারকারীরা নিজেদের অ্যাপল আইডিতে লিগ্যাসি কন্ট্যাক্ট যুক্ত করতে পারেন। এ ব্যবস্থায় পরিবারের সদস্য বা বিশ্বস্ত কোনো ব্যক্তিকে মনোনীত করে রাখা যায়। প্রয়োজনে সেই ব্যক্তি মৃত্যু সনদ এবং নির্ধারিত অ্যাক্সেস কোডের মাধ্যমে আইক্লাউডে থাকা তথ্য সংগ্রহ করতে পারেন।

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যও গুগলের রয়েছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার নামের একটি সুবিধা। এই সেটিংসের মাধ্যমে ব্যবহারকারী আগে থেকেই নির্ধারণ করে রাখতে পারেন যে নির্দিষ্ট সময় ধরে অ্যাকাউন্ট অব্যবহৃত থাকলে কার কাছে ইমেইল পাঠানো হবে। পাশাপাশি মনোনীত সেই ব্যক্তিকে ছবি, ইমেইল কিংবা গুগল ড্রাইভের তথ্য ডাউনলোড করার অনুমতিও দেওয়া সম্ভব।

আরও পড়ুন: ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক প্রযুক্তি কতটা কার্যকর?

তবে গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে কোনো প্রতিষ্ঠানই সরাসরি ফোনের লক বা পাসওয়ার্ড ভেঙে দেওয়ার অনুমতি দেয় না। তাই আগেভাগেই বিশ্বস্ত কাউকে ডিজিটাল উত্তরাধিকারী হিসেবে নির্ধারণ করে রাখা উচিত।

এজেড