তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
বাড়ির জন্য সৌর প্যানেল কেনার সময় শুধু প্যানেলের ক্ষমতা নয়, আপনার বাড়িতে কতটা বিদ্যুৎ খরচ হয়, ছাদে কতটা ছায়া পড়ে এবং এলাকায় কতক্ষণ লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট থাকে, সেই বিষয়গুলোও বিবেচনায় রাখা দরকার।
দেখতে সব সৌর প্যানেল একই রকম মনে হলেও, এগুলোর ভেতরে ব্যবহৃত প্রযুক্তিই নির্ধারণ করে কতটা বিদ্যুৎ উৎপাদন করা যাবে। তাই বাড়িতে সৌর প্যানেল বসানোর আগে জেনে নেওয়া জরুরি, কোন ধরনের প্যানেল আপনার বাড়ির জন্য সবচেয়ে মানানসই। বিশেষ করে বাড়ির ছাদে পানির ট্যাংক, সিঁড়িঘরের ওপরের অংশ ও বায়ু চলাচলের কাঠামো থাকায় পর্যাপ্ত রোদ পাওয়ার জায়গা অনেক সময় সীমিত হয়ে যায়। তাই সঠিক সৌর প্যানেল বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌর প্যানেল কেনার সময় মূলত মনোক্রিস্টালাইন এবং পলিক্রিস্টালাইন, এই দুই ধরনের প্রযুক্তির প্যানেল পাওয়া যায়। একক সিলিকন ক্রিস্টাল দিয়ে তৈরি মনোক্রিস্টালাইন প্যানেল কম জায়গায় বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
অন্যদিকে, পলিক্রিস্টালাইন প্যানেলের দাম তুলনামূলকভাবে কম। তবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এগুলো মনোক্রিস্টালাইন প্যানেলের তুলনায় কিছুটা পিছিয়ে। পাশাপাশি এগুলো বসানোর জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। এ ছাড়া রয়েছে থিন ফিল্ম প্যানেল। এগুলো ওজনে হালকা এবং নমনীয় হলেও বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে খুব একটা পছন্দ করা হয় না।
উন্নত মনোক্রিস্টালাইন প্যানেলে বর্তমানে পার্ক, টপকন এবং এইচজেটির মতো আধুনিক সেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিগুলো প্যানেলের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়।
অনেকেই মনে করেন, সৌর প্যানেলে যত বেশি রোদ পড়বে এবং প্যানেল যত বেশি গরম হবে, তত বেশি বিদ্যুৎ উৎপাদন হবে। কিন্তু বাস্তবে অতিরিক্ত গরম হয়ে গেলে সৌর প্যানেলের কার্যক্ষমতা কমে যায়। শুধু তাই নয়, প্যানেলের ওপর বেশি ছায়া পড়লেও বার্ষিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে।

এই সমস্যা মোকাবিলায় বর্তমানে বায়ফেশিয়াল সৌর প্যানেলের জনপ্রিয়তা বাড়ছে। এই ধরনের প্যানেলের বিশেষত্ব হলো, এগুলো সামনের পৃষ্ঠের পাশাপাশি পেছনের দিকে প্রতিফলিত হওয়া আলো থেকেও বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তবে এর সুবিধা পেতে হলে প্যানেলগুলো সঠিক উচ্চতায় এবং পরিষ্কার পৃষ্ঠের ওপর বসানো জরুরি।
আরও পড়ুন: সোলার প্যানেল দিয়ে কি এসি চালানো সম্ভব?
বাড়ির জন্য সৌর প্যানেল কেনার সময় ২০ শতাংশের নিয়মটি মাথায় রাখা উচিত। অর্থাৎ, আপনার বাড়িতে সাধারণত যতটা বিদ্যুৎ খরচ হয়, তার তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি ক্ষমতার সৌর ব্যবস্থা বেছে নেওয়া ভালো। এর ফলে আকাশ মেঘলা থাকলে বা পর্যাপ্ত রোদ না মিললেও বিদ্যুতের ঘাটতি হওয়ার আশঙ্কা কম থাকে।

পাশাপাশি নিজের প্রয়োজন বুঝে সৌর ব্যবস্থা বেছে নেওয়াও জরুরি। যদি আপনার মূল উদ্দেশ্য শুধু বিদ্যুতের বিল কমানো হয়, তাহলে অন গ্রিড সৌর ব্যবস্থা বসাতে পারেন। অন্যদিকে, আপনার এলাকায় যদি ঘনঘন বিদ্যুৎ চলে যায়, তাহলে ব্যাটারি ব্যাকআপসহ হাইব্রিড সৌর ব্যবস্থা বেছে নেওয়া ভালো।
এ ছাড়া সৌর প্যানেলের দাম হিসাব করার সময় ইনভার্টার, মাউন্টিং স্ট্রাকচার এবং সংস্থাপনের খরচও বাজেটের মধ্যে রাখতে ভুলবেন না। কারণ শুধু প্যানেলের দাম জানলেই হবে না, পুরো সৌর ব্যবস্থা বসাতে মোট কত টাকা খরচ হবে, সেটাও আগে থেকে হিসাব করে নেওয়া জরুরি।
এজেড