Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

শীতে ঘরে বিশুদ্ধ বাতাস পেতে হিউমিডিফায়ার না এয়ার পিউরিফায়ার কিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

শীতকাল শুরু হতেই ঘরের ভেতরের বাতাসে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। ঠান্ডার কারণে অনেকেই দরজা ও জানালা বন্ধ রাখেন, ফলে ঘরের ভেতরে বাতাসের স্বাভাবিক চলাচল কমে যায়। এর ওপর হিটার চালালে বাতাসের আর্দ্রতা আরও কমে যেতে পারে, আবার বাইরের ধুলাবালি ও দূষণের মাত্রাও বেড়ে যায়। এমন অবস্থায় ঘরের পরিবেশ আরামদায়ক ও স্বাস্থ্যকর রাখতে হিউমিডিফায়ার এবং এয়ার পিউরিফায়ারের মধ্যে কোনটি বেশি প্রয়োজনীয়, তা জেনে নেওয়া জরুরি।

হিউমিডিফায়ার এবং এয়ার পিউরিফায়ার দুইটি যন্ত্রের কাজ সম্পূর্ণ আলাদা। ঘরের বাতাসে আর্দ্রতা বাড়ানো হলো হিউমিডিফায়ারের মূল কাজ। শীতে বাতাস শুষ্ক হয়ে গেলে এবং হিটার ব্যবহার করলে ত্বক রুক্ষ হয়ে যাওয়া, ঠোঁট ফাটা, গলা শুকিয়ে যাওয়া কিংবা নাকে জ্বালাপোড়ার মতো অস্বস্তি দেখা দিতে পারে। ঘরের বাতাসে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার বেশ কার্যকর ভূমিকা রাখে।

ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক থাকলে, ত্বক বা গলায় শুষ্কতা অনুভূত হলে, হিটার চালানোর পর আর্দ্রতা কমে গেলে কিংবা ঘরের আর্দ্রতা ৩০ শতাংশের নিচে নেমে গেলে হিউমিডিফায়ার কেনা ভালো হতে পারে। সাধারণভাবে ঘরের বাতাসে আর্দ্রতার মাত্রা ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখা উপকারী বলে মনে করা হয়।

images

অন্যদিকে, ঘরের বাতাস থেকে ধুলাবালি, দূষণ এবং ভাসমান সূক্ষ্ম কণা ছেঁকে পরিষ্কার করা হলো এয়ার পিউরিফায়ারের কাজ। এতে থাকা হেপা ফিল্টার বাতাসের ক্ষুদ্র কণা আটকে রাখতে সাহায্য করে। শীতকালে বাইরের দূষণ বেড়ে গেলে ঘরের ভেতরেও দূষিত বাতাস ও ধুলা জমতে পারে, তখন এয়ার পিউরিফায়ার কার্যকর সমাধান দেয়।

এলাকায় ধুলাবালি ও দূষণ বেশি থাকলে, পরিবারের কারও ধুলা বা পরাগরেণু থেকে অ্যালার্জি থাকলে, ঘরে পোষা প্রাণী থাকলে এবং তাদের লোম বাতাসে ছড়ালে কিংবা রান্নার ধোঁয়া ও বাইরের দূষণে সমস্যা হলে এয়ার পিউরিফায়ার নেওয়া উচিত।

আরও পড়ুন: ফোনে দ্রুত চার্জ দিতে চাইলে এই কাজটি করুন

প্রয়োজন অনুযায়ী দুটি যন্ত্রই একসঙ্গে ব্যবহার করা যায়। ঘরের বাতাস খুব শুষ্ক হওয়ার পাশাপাশি দূষণের সমস্যাও থাকলে দুটি যন্ত্রই কাজে আসে। তবে দুটি যন্ত্র পরস্পর থেকে কিছুটা দূরে রাখা ভালো, যাতে হিউমিডিফায়ার থেকে বের হওয়া পানির বাষ্প এয়ার পিউরিফায়ারের ফিল্টারে কোনো সমস্যা তৈরি না করে।

এজেড