Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাচন ১৮ ডিসেম্বর, তফসিল ঘোষণা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং মোট নয়টি পদে নির্বাচন হবে।

গত ১৮ নভেম্বর বুধবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু সালেহ আকন এবং সদস্য মেহেদী হাসান পলাশ ও মো. সুমন ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও তফসিলে নির্বাচনের বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়। 

নির্বাচনী তফসিল অনুযায়ী সভাপতি ১ জন, সহ-সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রকাশনা ও গবেষণা সম্পাদক ১ জন এবং নির্বাহী সদস্য ২ জনসহ মোট ৯টি পদে ভোট হবে। 

এসব পদে মনোনয়নপত্র জমা দেওয়ার ফি নির্ধারণ করা হয়েছে। সভাপতি ১০ হাজার টাকা, সহ-সভাপতি ৮ হাজার টাকা, সাধারণ সম্পাদক ৬ হাজার টাকা, যুগ্ম সম্পাদক ৫ হাজার টাকা, কোষাধ্যক্ষ ৪ হাজার টাকা, সাংগঠনিক সম্পাদক ৪ হাজার টাকা, প্রকাশনা ও গবেষণা সম্পাদক ৪ হাজার টাকা এবং নির্বাহী সদস্য পদে ৩ হাজার টাকা। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার দিন ১৮ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ওপর আপত্তি জানানোর শেষ সময় ছিল ১৯ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আজ ২০ নভেম্বর বিকেল ৩টায় লিখিত আপত্তির শুনানি ও সিদ্ধান্ত শেষে রাত ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

917046483_10235742727648142_7990676852982215604_n

আগ্রহী প্রার্থীরা আগামী ২১ থেকে ২৩ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার পান্থপথের সুমনা গণি ট্রেড সেন্টারে অবস্থিত প্রাইডসিস আইটি লিমিটেডের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ নভেম্বর বিকেল ৫টা। 

তফসিলে জানানো হয়েছে, কোনো অবস্থাতেই মনোনয়নপত্রের ফটোকপি গ্রহণযোগ্য হবে না এবং মনোনয়নপত্রসংক্রান্ত কোনো ফি ফেরতযোগ্য নয়। 

মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর বিকেল ৪টায়। এ বিষয়ে ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত লিখিত আপত্তি জানানো যাবে। ২৬ নভেম্বর বিকেল ৪টায় আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ নভেম্বর বিকেল ৪টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ নভেম্বর বিকেল ৪টায়।

তফসিলের নিয়মাবলি অনুযায়ী, কেবল সংগঠনের ভোটাররাই নির্ধারিত পদের জন্য নগদ ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। একাধিক পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া গেলেও চূড়ান্ত প্রার্থীতা কেবল একটি পদেই রাখা যাবে এবং প্রত্যাহারের সময়সীমার আগে বাকি পদগুলোর মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। সময়সীমা পার হওয়ার পর কোনো প্রার্থীর একাধিক মনোনয়নপত্র থাকলে সবগুলোই বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর পেশাগত পরিচয়পত্র, হালনাগাদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি জমা দিতে হবে। ভোটের আগে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৩টায় প্রার্থী পরিচিতি সভা হবে। 

এরপর ১৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ভোট গ্রহণ চলবে। 

ওই দিনই ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। প্রাথমিক ফলাফলের ওপর ১৯ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত লিখিত আপত্তি গ্রহণ করা হবে এবং ২০ ডিসেম্বর বিকেল ৪টায় শুনানি ও সিদ্ধান্ত নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ২১ ডিসেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এজেড