তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
কারও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলেও তিনি যেন তা বুঝতে না পারেন, এমন ইচ্ছা অনেকেরই থাকে। কোনো ঝুঁকিপূর্ণ তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই ফোনের ভেতরের সেটিংস ও কৌশল কাজে লাগিয়ে সহজেই কাজটি করা সম্ভব। চলুন, জেনে নেওয়া যাক গোপনে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার কার্যকর পদ্ধতিগুলো।
দৈনন্দিন যোগাযোগে হোয়াটসঅ্যাপ এখন অপরিহার্য একটি মাধ্যম হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠার পর জরুরি বার্তা যাচাই করা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত চ্যাট, ভিডিও কল, নথিপত্র আদানপ্রদান কিংবা পরিবারের ছবি বিনিময়ে মানুষ এই অ্যাপ ব্যবহার করেন।
এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার সুবিধাও বেশ জনপ্রিয়। পরিচিতজনেরা প্রতিদিন নানা ধরনের স্ট্যাটাস প্রকাশ করেন। তবে নিয়ম অনুযায়ী কারও স্ট্যাটাস দেখলে প্রেরক তা জানতে পারেন। যদিও এমন কিছু পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে স্ট্যাটাস দেখলেও অন্য ব্যক্তি টের পান না।
অনেকেই কাউকে না জানিয়ে স্ট্যাটাস দেখার আশায় গুগল প্লে স্টোর বা অনলাইন থেকে তৃতীয় পক্ষের অ্যাপ নামান। কিন্তু এসব অ্যাপ ফোনের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। কোনো বাড়তি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের নিজস্ব সেটিংস ও কিছু কৌশলে গোপনে স্ট্যাটাস দেখা যায়।

রিড রিসিপ্টস বন্ধ করে গোপনে স্ট্যাটাস দেখার একটি সহজ উপায় রয়েছে। এ জন্য প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ওপরের ডানদিকে থাকা তিনটি বিন্দুতে চাপ দিয়ে সেটিংসে যাবেন আর আইফোন ব্যবহারকারীরা নিচে থাকা সেটিংস আইকনে চাপ দেবেন। এরপর গোপনীয়তা বিভাগে গিয়ে রিড রিসিপ্টস বন্ধ অপশনটি করে দিতে হবে। এটি বন্ধ রাখলে স্ট্যাটাস দেখলেও অন্যজন বুঝতে পারবেন না। তবে স্ট্যাটাস দেখার পর অন্তত ২৪ ঘণ্টা এই সেটিং বন্ধ রাখা জরুরি, কারণ মেয়াদ শেষ হওয়ার আগেই তা চালু করলে ভিউয়ারের তালিকায় আপনার নাম দেখা যেতে পারে।
বারবার গোপনীয়তা সেটিংস বদলাতে না চাইলে অ্যারোপ্লেন মোডও ব্যবহার করা যায়। এ পদ্ধতিতে প্রথমে ইন্টারনেট চালু রেখে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস অংশে গিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, যাতে স্ট্যাটাসগুলো স্বয়ংক্রিয়ভাবে লোড হয়ে যায়। এরপর নোটিফিকেশন প্যানেল নামিয়ে অ্যারোপ্লেন মোড চালু করলে মোবাইল ডেটা ও ওয়াইফাই বন্ধ হয়ে যাবে।
এরপর কাঙ্ক্ষিত স্ট্যাটাসে চাপ দিয়ে দেখে নেওয়া যাবে। তবে দেখার পরপরই ইন্টারনেট চালু করা যাবে না। আগে সাম্প্রতিক অ্যাপের তালিকা থেকে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দিতে হবে। অ্যাপটি পটভূমি থেকে সরে যাওয়ার পর অ্যারোপ্লেন মোড বন্ধ করে ইন্টারনেট চালু করতে হবে।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফাইল ব্যবস্থাপকের মাধ্যমেও আরেকটি কৌশল রয়েছে। স্ট্যাটাস লোড হলে ছবির ফাইল কিছু সময়ের জন্য ফোনের অভ্যন্তরীণ স্টোরেজের একটি লুকানো ফোল্ডারে জমা হয়। এগুলো দেখতে ফোনের ফাইলস অ্যাপ খুলে সেটিংসে গিয়ে লুকানো ফাইল দেখুন অপশনটি চালু করতে হবে। এরপর অভ্যন্তরীণ স্টোরেজের ভেতরে হোয়াটসঅ্যাপ, তারপর মিডিয়া এবং শেষে স্ট্যাটাসেস ফোল্ডারে গেলে সাম্প্রতিক ছবির স্ট্যাটাসগুলো দেখা যাবে। তবে এই পদ্ধতি শুধু ছবির ক্ষেত্রেই কাজ করে, ভিডিও স্ট্যাটাস এখানে দেখা যায় না।
এজেড