তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
গুগলের ওপর নির্ভরতা কমিয়ে এবার নিজস্ব ক্লাউড স্টোরেজ সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা ২ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ পাবেন এবং ব্যাকআপ করা চ্যাট ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষায় থাকবে।
চ্যাট ব্যাকআপ রাখার ক্ষেত্রে গুগল ড্রাইভের পাশাপাশি ব্যবহারকারীরা শিগগিরই হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পেতে পারেন। অ্যাপের ভেতরেই যুক্ত হতে যাওয়া এই সেবা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী হোয়াটসঅ্যাপ ক্লাউড অথবা গুগল ড্রাইভে চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করতে পারবেন।
বর্তমানে নির্বাচিত কিছু অ্যানড্রয়েড বিটা ব্যবহারকারীর ওপর এই ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে। ডব্লিউএবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪৬.৪-এ ফিচারটি নজরে এসেছে। এতে শুরুতে ২ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছে, তবে এর চেয়ে বেশি জায়গা প্রয়োজন হলে বেতনভিত্তিক সাবস্ক্রিপশন নিতে হবে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভারতে হোয়াটসঅ্যাপ প্লাস সাবস্ক্রিপশনের সম্ভাব্য মাসিক মূল্য ৭৯ রুপি এবং এর আওতায় ১০০ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে। অন্যদিকে যাদের আরও বেশি স্টোরেজ দরকার, তাদের জন্য মেটা ওয়ান সাবস্ক্রিপশন থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে মেটা ওয়ান কোর প্ল্যানের দাম মাসে ৫৪৯ রুপি এবং এতে ৪ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ মিলতে পারে।
এই সেবা চালু রাখতে হলে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন সক্রিয় রাখতে হবে। প্রতিবেদন অনুসারে, সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে গেলেও হোয়াটসঅ্যাপ চার মাস পর্যন্ত নিজেদের সার্ভারে শেষ ব্যাকআপটি সুরক্ষিত রাখবে, তবে এই সময়ের মধ্যে প্ল্যান নবায়ন না করলে ব্যাকআপ চিরতরে মুছে যেতে পারে।
আরও পড়ুন: ছবি ছাড়াই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লোকেশন শেয়ার করা যাবে
নতুন এই ক্লাউড স্টোরেজের বড় বৈশিষ্ট্য হলো এর নিরাপত্তা ব্যবস্থা। এখানে সংরক্ষিত তথ্য ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে এবং ব্যবহারকারীরা এই সুরক্ষা বন্ধ করতে পারবেন না। এনক্রিপশন ছাড়া ব্যাকআপ রাখতে চাইলে গুগল ড্রাইভ বা আইক্লাউডের মতো অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।
পাশাপাশি ব্যাকআপের নিরাপত্তা আরও জোরদার করতে ব্যবহারকারীরা নিজস্ব পাসওয়ার্ড, পাসকি অথবা ৬৪ অঙ্কের এনক্রিপশন কি ব্যবহার করতে পারবেন। আপাতত ফিচারটি কেবল নির্বাচিত অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য থাকলেও শিগগিরই আইওএস বিটা ব্যবহারকারীদের জন্যও পরীক্ষা শুরু হতে পারে, যদিও সাধারণ সব ব্যবহারকারীর জন্য এটি কবে আসবে সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
এজেড