Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

দ্রুত পানি গরম করার জন্য কোন ধরনের হিটিং রড কিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

হেমন্তেই শীতের আগমনী বার্তা বেজে উঠেছে প্রকৃতিতে। সকালবেলা আবহাওয়ায় হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। এই সময়ে গোসলের জন্য পানি গরম করতে অনেকেই ইমারশন রড বা হিটিং রড কেনার পরিকল্পনা করে থাকেন। এগুলোর দাম তুলনামূলক কম এবং ব্যবহার করাও বেশ সহজ। তবে বাজারে ১০০০ ওয়াট, ১৫০০ ওয়াট এবং ২০০০ ওয়াটের নানা ধরনের রড পাওয়া যায়, যা দেখে অনেক সময় ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়েন। কোন ওয়াটের রড কেনা উচিত এবং কোনটি সবচেয়ে বেশি লাভজনক, তা জেনে নেওয়া দরকার।

বাজারের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০০০ ওয়াট এবং ১৫০০ ওয়াটের ইমারশন রডগুলোর মধ্যে ১০০০ ওয়াটের রডটি একা থাকা ব্যক্তিদের জন্য উপযোগী। অর্ধেক বালতি বা ১৫ থেকে ২০ লিটার পানি হালকা গরম থেকে ভালো গরম করতে এই রডের প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি বাড়ির সাধারণ ৬ অ্যাম্পিয়ারের সকেটেও ব্যবহার করা যায়। 

rod3

অন্যদিকে পরিবার বড় হলে এবং সকালে তাড়াহুড়া থাকলে ১৫০০ ওয়াটের রড সবচেয়ে ভালো বিকল্প, যা মাত্র ৮ থেকে ১০ মিনিটের মধ্যে এক বালতি পানি গরম করতে পারে। এলাকায় প্রচণ্ড ঠান্ডা থাকলে এবং নলকূপ বা কল থেকে বরফের মতো ঠান্ডা পানি বের হলে ২০০০ ওয়াটের রড দ্রুত কাজ করে। 

আরও পড়ুন: শীতে পানি গরম করার জন্য হিটিং রড ব্যবহার করেন? এখনই সাবধান হোন

বড় বালতির পানি মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে গরম করতে সক্ষম এই রড কেনার আগে বাড়িতে ১৫ অ্যাম্পিয়ারের হেভি পাওয়ার সকেট আছে কি না তা যাচাই করা জরুরি, অন্যথায় সাধারণ প্লাগে ব্যবহার করলে তার ও সকেট পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। 

rod1

অনেকের ধারণা বেশি ওয়াটের রড বেশি বিদ্যুৎ খরচ করে, কিন্তু বাস্তবে ১০০০ ওয়াটের রড যে পরিমাণ সময় নেয়, ২০০০ ওয়াটের রড তার অর্ধেক সময়ে কাজ শেষ করায় দুই ক্ষেত্রেই বিদ্যুতের খরচ প্রায় একই থাকে। সঠিক ওয়াটের পাশাপাশি রডের গুণমান এবং নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে কম দামে লোকাল লোহা বা স্টিলের রড পাওয়া গেলেও সেগুলো দ্রুত নষ্ট হয় এবং শর্টসার্কিটের ঝুঁকি থাকে। তাই সবসময় ভালো ব্র্যান্ডের কপার বা নিকেল প্লেটিং করা ইমারশন রড কেনা উচিত, কারণ কপার দ্রুত তাপ উৎপন্ন করে এবং তাতে খনিজ পদার্থের আস্তরণ ধীরে জমে। 

নতুন ইমারশন রড কেনার আগে তাই ওয়াট, গুণমান এবং নিরাপত্তার দিকগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

এজেড