Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

সোলার প্যানেল দিয়ে গিজার চালানো সম্ভব?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

শীতকাল শুরু হলেই বাড়িতে গরম পানির চাহিদা বাড়ে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিদ্যুতের বিলও। বাথরুম এবং রান্নাঘরে একাধিক গিজার একসঙ্গে ব্যবহার করলে মাসের শেষে মোটা অংকের খরচ হয়। এই বিপুল বিদ্যুৎ খরচ থেকে মুক্তি পেতে অনেকেই এখন বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর কথা ভাবছেন। কিন্তু সোলার প্যানেল দিয়ে কি আদৌ গিজার চালানো সম্ভব এবং এর জন্য ঠিক কত কিলোওয়াটের সেটআপ প্রয়োজন, তা জেনে রাখা দরকার।

দুইটি গিজার চালানোর জন্য প্রয়োজনীয় লোড হিসাব করা অত্যন্ত জরুরি। সাধারণত বাড়িতে ১৫ থেকে ২৫ লিটারের স্টোরেজ গিজার ব্যবহার করা হয়, যা প্রায় দুই হাজার ওয়াট বা দুই কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। অন্যদিকে রান্নাঘর বা অন্য বাথরুমে থাকা ছোট গিজারটি দেড় থেকে দুই হাজার ওয়াট বিদ্যুৎ টানে। ফলে একসঙ্গে দুইটি গিজার চালালে শুধু এগুলোর জন্যই সাড়ে তিন থেকে চার হাজার ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এর পাশাপাশি বাড়ির অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্যান, লাইট, ফ্রিজ এবং ওয়াইফাই সচল থাকে। 

solar

তাই শুধু গিজারের লোড হিসাব করলে চলবে না, বাড়ির অন্যান্য যন্ত্রপাতির লোডও মাথায় রাখতে হবে। দুইটি গিজার কোনো ধরনের বাধা ছাড়াই স্বচ্ছন্দে চালানোর জন্য বাড়িতে অন্তত পাঁচ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম বসানো সবচেয়ে ভালো। বাজারে বর্তমানে ৫৪০ থেকে ৫৫০ ওয়াট ক্ষমতার আধুনিক মনো পার্ক এবং বাইফেশিয়াল সোলার প্যানেলের চাহিদা রয়েছে। সেই হিসাব অনুযায়ী, পাঁচ কিলোওয়াটের সোলার সিস্টেম তৈরি করতে বাড়ির ছাদে প্রায় নয় থেকে দশটি সোলার প্যানেল বসাতে হবে। এই প্যানেলগুলো বসানোর জন্য ছাদে প্রায় সাড়ে চারশ থেকে পাঁচশ বর্গফুট খোলা জায়গা প্রয়োজন, যেখানে সারাদিন সরাসরি সূর্যের আলো পাওয়া যায়। 

আরও পড়ুন: ওয়াশিং মেশিনে কাপড় কাচার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন

এই সিস্টেম থেকে প্রতিদিন গড়ে কুড়ি থেকে পঁচিশ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে, যা দিয়ে দুটি গিজার প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা চালানোর পাশাপাশি অন্যান্য ঘরের কাজও সামলানো সম্ভব।

সোলার সিস্টেম কেনার সময় সঠিক সেটআপ বেছে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এলাকায় যদি বিদ্যুৎ বিভ্রাট কম হয়, তবে অন-গ্রিড সোলার সিস্টেম বসানো লাভজনক। এই সিস্টেমে ব্যাটারির প্রয়োজন হয় না এবং অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ সরকারি গ্রিডে যুক্ত করে বিদ্যুতের বিল কমানো যায়। আবার ঘনঘন বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপের জন্য অফ-গ্রিড সিস্টেম বেছে নেওয়া ভালো, যদিও এর জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহারের কারণে প্রাথমিক খরচ কিছুটা বেশি হতে পারে।

এজেড