তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম
গরম কিংবা শীতকাল—আমাদের বাড়িতে ফ্রিজ এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা সারা দিন-রাত সচল থাকে। কিন্তু না বুঝে বা অকারণে পরিবারের ছোট-বড় সবাই প্রায়ই ফ্রিজের দরজা খোলা-বন্ধ করেন। কখনো ঠান্ডা পানির খোঁজে, আবার কখনো নিছক কৌতূহলবশত ভেতরে কী আছে তা দেখতে এই কাজ করা হয়। তবে সাধারণ এই অভ্যাসটিই আপনার মাসিক খরচে বড়সড় চাপ ফেলতে পারে।
যখনই আপনি ফ্রিজের দরজা খোলেন, ভেতরের ঠান্ডা বাতাস দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং ঘরের গরম বাতাস ভেতরে ঢুকে পড়ে। ফলে ভেতরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায় এবং সেন্সর সক্রিয় হয়ে ওঠে। এরপর তাপমাত্রা আবার স্বাভাবিক করতে কম্প্রেসরকে অনেক বেশি সময় ধরে কাজ করতে হয়। সাধারণত ২৫০ থেকে ৩০০ লিটারের একটি ফ্রিজ দিনে এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ করে। কিন্তু দিনে যদি ২০ থেকে ৩০ বার অকারণে ফ্রিজ খোলা হয়, তবে কম্প্রেসরের কাজের সময় অনেকটাই বেড়ে যায়। এর ফলে দৈনিক বিদ্যুৎ খরচ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

মাসের হিসাবে ধরলে বিদ্যুতের বিলে ১০ থেকে ১৫ ইউনিট অতিরিক্ত যোগ হতে পারে। প্রতি ইউনিটের দাম সাত থেকে আট টাকা হলে, শুধুমাত্র এই অভ্যাসের কারণে মাসে অতিরিক্ত ১০০ থেকে ১৫০ টাকা খরচ হতে পারে। শুধু তাই নয়, পানির বোতল বা তরকারি খোঁজার সময় এক বা দু মিনিট দরজা খোলা রাখলে ভেতরের প্রায় অর্ধেক ঠান্ডা কমে যায়, যা ফিরিয়ে আনতে কম্প্রেসরের প্রায় আধ ঘণ্টা সময় লাগে। বারবার এমন হলে কম্প্রেসরের আয়ুও কমে যায়।
আরও পড়ুন: ওয়াশিং মেশিনে কাপড় কাচার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
এছাড়া ফ্রিজের দরজার রবার গ্যাসকেটের দিকে নজর রাখা জরুরি। বারবার জোরে দরজা খোলার ফলে এই রবার ঢিলা হয়ে যেতে পারে। রবার নষ্ট হলে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যায় এবং কম্প্রেসর একটানা চলতে থাকে। এই অপচয় রোধ করতে ফ্রিজ খোলার আগেই কী প্রয়োজন তা ঠিক করে নিন এবং দ্রুত দরজা বন্ধ করুন। রবারের গ্রিপ ঠিক আছে কিনা তা দেখতে দরজার মাঝে একটি কাগজ গুঁজে টেনে দেখতে পারেন; কাগজ সহজে বেরিয়ে এলে রবার বদলানোর সময় হয়েছে বুঝবেন। এই ছোট ছোট বিষয়ে সতর্ক থাকলেই বিদ্যুতের বিলে বহু টাকা সাশ্রয় করা সম্ভব।
এজেড