Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

চ্যাটজিপিটির পরামর্শে বন্ধ করেছিলেন বাড়ি ভাড়া দেওয়া, এখন তিনি গৃহহীন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

চ্যাটজিপিটির বিভ্রান্তিকর পরামর্শে চোখ বন্ধ করে ভরসা করায় বাস্তবেই বাড়ি হারাতে হয়েছে ডেনমার্কের এক ষাটোর্ধ্ব নাগরিককে। পোষ্য কুকুর ও বাড়িওয়ালার সঙ্গে তৈরি হওয়া আইনি বিরোধের জেরে চ্যাটবটের ভুল নির্দেশ মেনে চলার খেসারত দিয়ে এখন গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অতিরিক্ত আশ্বাসের কারণে মার্কিন আদালতে সংস্থাটির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে মামলাও দায়ের হয়েছে।

ডেনমার্কের ওই বাসিন্দার নাম ক্লাউস এলমফেল্ট। ২০২৫ সালের মার্চ মাসে বাড়িওয়ালার প্রপার্টি সংস্থার সঙ্গে তার বিরোধ শুরু হয়। তার দুইটি পোষ্য কুকুরের মধ্যে একটিকে সরিয়ে নেওয়ার জন্য বাড়িওয়ালা চাপ দিলে তিনি আইনি সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির শরণাপন্ন হন।

অভিযোগ উঠেছে, চ্যাটজিপিটি তাকে বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করার পরামর্শ দেয়। শুধু তাই নয়, চ্যাটবটটি তাকে পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে এভাবে ভাড়া বন্ধ করলে তাকে কোনোভাবেই বাড়ি থেকে উচ্ছেদ করা সম্ভব নয় এবং আইনগতভাবে তা সম্পূর্ণ সুরক্ষিত। চ্যাটবটের এই ভুল তথ্যে ভরসা রেখে ক্লাউস টানা তিন মাস বাড়ির ভাড়া দেওয়া বন্ধ রাখেন। এর জেরে আইনি প্রক্রিয়া শুরু করে প্রপার্টি সংস্থা এবং ২০২৬ সালের জুনের মধ্যে তাকে জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।

Chat-GPT-q82-w2560-h

বাড়ি হারিয়ে নিজের দুইটি পোষ্য কুকুর চার্লি ও ডেল্টাকে নিয়ে একটি ভাড় করা গাড়ির পেছনে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন তিনি। বর্তমানে তিনি দক্ষিণ ডেনমার্কের একটি ক্যাম্পসাইটের ছোট কেবিনে বসবাস করছেন।

আইনজীবীদের মাধ্যমে আদালতে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী, দীর্ঘ আট মাস ধরে চ্যাটজিপিটির সঙ্গে ৮২৮টি সেশনে প্রায় ৪১ হাজারেরও বেশি মেসেজ আদানপ্রদান করেছিলেন ক্লাউস। এর পেছনে তিনি অন্তত ৬৪১ ঘণ্টা ব্যয় করেন। শুধু বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতাই নয়, ওই চ্যাটবট তাকে এ কথাও বিশ্বাস করিয়েছিল যে তারা দুজনে মিলে এমন কিছু এআই প্রোডাক্ট তৈরি করছেন যার বাজারমূল্য কয়েকশো কোটি ডলার হবে। এমনকি বিদেশে বিলাসবহুল জীবনযাপন এবং ইতালিতে ভিলা কেনার পরিকল্পনাও চ্যাটবটের সঙ্গে করেছিলেন তিনি। যখন তিনি এসব দাবির বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তখন চ্যাটবটটি তাকে আশ্বস্ত করে জানায় যে তিনি কোনো মানসিক ভ্রান্তিতে নেই, বরং যুগের চেয়ে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন: অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

এই ঘটনার পর গত ২ নভেম্বর সান ফ্রান্সিসকোর আদালতে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্লাউস। তার আইনি দল থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীর সঙ্গে অতিরিক্ত সখ্য গড়ে তোলা এবং এ ধরনের প্রযুক্তি ব্যবহারে পর্যাপ্ত নিরাপত্তা সতর্কতা ও নিয়ন্ত্রণ না থাকার খেসারত দিতে হয়েছে তাকে। মামলায় ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি এআই মডেলগুলোর চ্যাট সিস্টেমে আরও কঠোর ও নিরাপদ পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, পুরো ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সংবেদনশীল বা বাস্তব জীবনের জটিল পরিস্থিতিতে চ্যাটবটের উত্তর আরও নিখুঁত ও নিরাপদ করতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি, বাস্তব জীবনের জটিল সমস্যার ক্ষেত্রে পেশাদার ও আইনি সাহায্যের বিকল্প হিসেবে চ্যাটবটকে ব্যবহার করা উচিত নয় বলেও স্পষ্ট করেছে সংস্থাটি।

এজেড