Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে নতুন ফোন কানেক্ট করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ এএম

বর্তমান ডিজিটাল যুগে বাড়ির ওয়াইফাই-তে কানেক্ট করা বেশিরভাগ মানুষের জন্যই প্রয়োজনীয় হয়ে উঠেছে। অফিসের কাজ, বাচ্চাদের পড়াশোনা, টিভিতে সিনেমা দেখা কিংবা বাড়ির স্মার্ট গ্যাজেট চালানো—সব কিছুর জন্যই ইন্টারনেট দরকার। কিন্তু প্রতিবার লম্বা ও জটিল পাসওয়ার্ড টাইপ করা বেশ ঝামেলার। অনেক সময় নিজের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ডও মনে থাকে না।

তবে ভালো খবর হলো, বারবার পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজন নেই। পাসওয়ার্ড না লিখেও খুব সহজে এবং নিরাপদে নিজের ফোন বা ল্যাপটপকে ওয়াইফাই-তে কানেক্ট করতে পারবেন। এর জন্য রয়েছে বেশ কয়েকটি কার্যকরী পদ্ধতি। নিচে পদ্ধতিগুলো বিস্তারিত আলোচনা করা হলো-

১. LAN কানেকশনের মাধ্যমে

পাসওয়ার্ড না দিয়ে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার একটি সহজ মাধ্যম হলো LAN কানেকশন ব্যবহার করা। এই পদ্ধতিতে কম্পিউটার বা ল্যাপটপকে সরাসরি রাউটারের সঙ্গে যুক্ত করা হয়। এর ফলে নেটওয়ার্ক সেটিংসে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দেখা যায়। সাধারণত বাড়ির নেটওয়ার্ক পরিচালনা করার সময় এবং পাসওয়ার্ড না লিখে সেটিংস পরীক্ষা করার জন্য এই পদ্ধতি কাজে আসে।

আরও পড়ুন: চার্জে দেওয়া ফোনে হাত দিলে হালকা বৈদ্যুতিক শক লাগে? জেনে নিন কারণ

পদ্ধতি: প্রথমে রাউটার থেকে কম্পিউটার বা ল্যাপটপে একটি LAN কেবল লাগান। এরপর যেকোনো ব্রাউজার খুলে অ্যাড্রেস বারে রাউটারের IP অ্যাড্রেস লিখুন। তারপর রাউটারে দেওয়া লগইন সংক্রান্ত তথ্য ব্যবহার করে লগইন করুন। এবার ওয়াইফাই সেটিংস মেনু খুলুন। নেটওয়ার্কের তথ্য দেখতে পাসওয়ার্ড বিভাগে যান। তবে মনে রাখবেন, রাউটারের সেটিংসে প্রবেশ করতে সাধারণত অ্যাডমিন লগইন প্রয়োজন হয়; শুধু LAN কেবল লাগালেই ওয়াইফাই পাসওয়ার্ড জানা যায় না।

২. WPS বাটন ব্যবহার করে

পাসওয়ার্ড টাইপ না করে ওয়াইফাই-তে কানেক্ট হওয়ার আরও একটি জনপ্রিয় উপায় হলো WPS বা Wi-Fi Protected Setup ব্যবহার করা। এই বাটনটি সাধারণত রাউটারের পাশে অথবা পেছনের দিকে থাকে। এটি সক্রিয় করলে কিছু ডিভাইস পাসওয়ার্ড টাইপ না করেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারে।

images

পদ্ধতি: প্রথমে রাউটারের WPS বাটনটি কয়েক সেকেন্ডের জন্য চাপুন। এরপর নিজের ডিভাইসে ওয়াইফাই মেনু খুলে WPS-এর মাধ্যমে কানেক্ট করার বিকল্পটি বেছে নিন। তবে এই পদ্ধতি তখনই কাজ করবে, যখন আপনার রাউটার এবং সংশ্লিষ্ট ডিভাইস WPS সমর্থন করবে। একটি বিষয় মনে রাখা জরুরি, সব স্মার্টফোনে WPS-এর মাধ্যমে কানেক্ট করার সুবিধা থাকে না। পাশাপাশি, নিরাপত্তার কারণে WPS ব্যবহার না করলে রাউটারে এই ফিচারটি বন্ধ রাখাই ভালো।

৩. ওয়াইফাই QR কোড ব্যবহার করুন

পাসওয়ার্ড টাইপ না করে ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সবচেয়ে সহজ ও আধুনিক উপায় হলো QR কোড স্ক্যান করা। বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই ওয়াইফাই QR কোড তৈরি এবং স্ক্যান করার সুবিধা রয়েছে। এর ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নেটওয়ার্কে কানেক্ট হওয়া সম্ভব।

পদ্ধতি: প্রথমে নিজের স্মার্টফোনের Settings খুলুন। তারপর ওয়াইফাই অপশনে যান এবং ফোনটিকে স্বাভাবিক নিয়মে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করুন। এরপর সংযুক্ত নেটওয়ার্কের নামের ওপর ক্লিক করে Share বা QR Code অপশনটি বেছে নিন। এবার অন্য একটি স্মার্টফোন দিয়ে সেই QR কোড স্ক্যান করুন। স্ক্যান সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট ফোনটি ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার বিকল্প পাবে, ফলে আলাদা করে পাসওয়ার্ড টাইপ করতে হবে না। বাড়িতে একসঙ্গে একাধিক ডিভাইস ওয়াইফাই-তে কানেক্ট করতে হলে এই পদ্ধতি বিশেষভাবে কাজে আসে। তবে QR কোডে নেটওয়ার্কের পাসওয়ার্ডের তথ্য থাকে, তাই এটি শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গেই শেয়ার করা উচিত।

এজেড