তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
ভারতে প্রথমবারের মতো ২ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো নিয়ে বাজারে এসেছে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স, যা ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের নতুন মান নির্ধারণ করেছে। অপো ইন্ডিয়া সম্পূর্ণ নতুন অপো ফাইন্ড এক্স১০ সিরিজ লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে অপো ফাইন্ড এক্স১০ এবং অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। ভারতে এই সিরিজের প্রাথমিক দাম শুরু হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ রুপি থেকে।
আরও পড়ুন: শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
অপো ফাইন্ড এক্স১০ সিরিজের মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা সিস্টেম। অপো ফাইন্ড এক্স১০-এ রয়েছে ডুয়াল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স-এ রয়েছে ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম।

হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এই ক্যামেরা সিস্টেমে রয়েছে নতুন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। পারফরম্যান্সের ক্ষেত্রে ফাইন্ড এক্স১০-এ রয়েছে ৩ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০এম এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স-এ রয়েছে ফ্ল্যাগশিপ ২ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর। এছাড়া ডিভাইসটিতে রয়েছে সর্বোচ্চ ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং নতুন কালারওএস ১৭ সফটওয়্যার অভিজ্ঞতা।

ইকোসিস্টেমের পরিধি বাড়াতে অপো নিয়ে এসেছে অপো প্যাড মিনি ট্যাবলেট, অপো এনকো এক্স৪ ইয়ারবাডস এবং পাওয়ার ব্যাংক। ভারতে অপো ফাইন্ড এক্স১০ (১২ জিবি + ২৫৬ জিবি) সংস্করণের দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ রুপি, ফাইন্ড এক্স১০ (১২ জিবি + ৫১২ জিবি) সংস্করণের দাম ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ রুপি এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স (১২ জিবি + ৫১২ জিবি) শীর্ষ মডেলটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ রুপি রাখা হয়েছে। এর পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে সহজ কিস্তি সুবিধা, ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার।
এজেড