Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

২০২৭ সালের শুরুতেই হোয়াটসঅ্যাপে আসছে কড়া নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সিম বাইন্ডিং নিয়ম বাধ্যতামূলক হওয়ায় ফোনে সিম কার্ড না থাকলে হোয়াটসঅ্যাপ ব্যবহারে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে নম্বর পরিবর্তন, ই-সিম ব্যবহার কিংবা সংযুক্ত ডিভাইস ফিচারের মাধ্যমে এই সংকট সহজেই এড়ানো সম্ভব।

যে নম্বর দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, সেই নম্বরের সিম কার্ড যদি আপনার ফোনে না থাকে, তবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। মূলত, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সিম বাইন্ডিংয়ের নতুন নিয়ম বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। এর ফলে যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপসগুলো ব্যবহার করা হচ্ছে, সেই নম্বরের সিম কার্ডটি ফোনে থাকা বাধ্যতামূলক হয়ে যাবে। তবে আপনার ফোনে যদি ইতিমধ্যেই সেই নম্বরের সিমটি থেকে থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই।

তবে সিম কার্ড এবং হোয়াটসঅ্যাপ যদি দুটি আলাদা ফোনে ব্যবহার করা হয়, তবে আগামী বছর থেকে হোয়াটসঅ্যাপ চালু রাখার জন্য আপনার হাতে প্রধানত তিনটি বিকল্প রয়েছে। প্রথমত, আপনার অ্যাকাউন্টটি সেই সিম কার্ডের নম্বরে স্থানান্তর করতে পারেন, যেটি বর্তমানে আপনার সচল ফোনে রয়েছে। দ্বিতীয়ত, যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, সেই ফোনে সংশ্লিষ্ট নম্বরটি ই-সিম হিসেবে চালু করতে পারেন। তৃতীয়ত, হোয়াটসঅ্যাপের সংযুক্ত ডিভাইস ফিচারটি ব্যবহার করতে পারেন।

অন্য নম্বরে হোয়াটসঅ্যাপ স্থানান্তর করুন

আপনার ফোনে যদি সেই সিম কার্ডটি না থাকে, যে নম্বর দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তবে অ্যাকাউন্টটি অন্য নম্বরে স্থানান্তর করে নিতে পারেন। এতে আপনার চ্যাট বা বার্তাগুলো আগের মতোই নিরাপদ থাকবে। তবে আপনার অ্যাকাউন্টটি কেবল সেই নম্বরেই স্থানান্তরিত হবে, যে নম্বরের সিম কার্ডটি বর্তমানে আপনার ফোনে রয়েছে। এর ফলে ২০২৭ সালের ১ জানুয়ারির পরেও আপনি অনায়াসে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

এর জন্য হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তন ফিচারটি ব্যবহার করতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস > অ্যাকাউন্ট > নম্বর পরিবর্তন অপশনে যান। এরপর পুরোনো নম্বর এবং বর্তমানে ফোনে থাকা সিম কার্ডের নতুন নম্বরটি লিখতে হবে। এর পর আপনার অ্যাকাউন্টটি নতুন নম্বরে স্থানান্তরিত হয়ে যাবে। যাঁদের সঙ্গে আপনার চ্যাট রয়েছে, তাঁরাও বুঝতে পারবেন যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য নম্বরে স্থানান্তর করেছেন।

whatsapp-61-2026-10-2e1a07e1cc9fb00cf6cbc3e7d4256d49

দ্বিতীয় বিকল্প ই-সিম

আপনি যদি হোয়াটসঅ্যাপের নম্বর বদলাতে না চান এবং আপনার প্রধান ফোনে যদি মাত্র একটি ফিজিক্যাল সিম স্লট থাকে, তবে সেই নম্বরটিকে ই-সিম-এ রূপান্তর করে প্রধান ফোনে ব্যবহার করতে পারেন। বর্তমানে অনেক মিডরেঞ্জ স্মার্টফোনেও ই-সিম ব্যবহারের চমৎকার সুবিধা পাওয়া যায়। এছাড়া মোবাইল অপারেটরের অ্যাপ অথবা কাস্টমার কেয়ারে গিয়েও ই-সিম চালু করিয়ে নেওয়া সম্ভব। এর ফলে আপনার প্রধান ও অন্য নম্বরটি একই ফোনে সক্রিয় থাকবে। দুটি সিম একই ডিভাইসে থাকায় সিম বাইন্ডিংয়ের শর্তও সহজে পূরণ হবে, পাশাপাশি পুরোনো নম্বরটি বাদ দেওয়ারও কোনো প্রয়োজন হবে না।

সংযুক্ত ডিভাইস ফিচারই শেষ বিকল্প

আপনি যদি দুটি আলাদা ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার অব্যাহত রাখতে চান, তবে হোয়াটসঅ্যাপের সংযুক্ত ডিভাইস নামে একটি অত্যন্ত কার্যকর ফিচার রয়েছে। এর সাহায্যে যে ডিভাইসে আপনার সিম কার্ডটি রয়েছে, সেখানে অ্যাকাউন্ট সক্রিয় রেখেই অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এর ফলেও সিম বাইন্ডিংয়ের নিয়ম অনায়াসে মেনে চলা সম্ভব হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

এর জন্য দ্বিতীয় ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে সেটআপ করার সময় বিদ্যমান অ্যাকাউন্ট সংযুক্ত করুন অপশনটি বেছে নিতে হবে। এর পর স্ক্রিনে যে কিউআর কোডটি ভেসে উঠবে, সেটি প্রধান ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে স্ক্যান করতে হবে। এবার প্রধান ফোনে সিম কার্ড রেখেই অন্য ডিভাইসেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এভাবেই সিম বাইন্ডিংয়ের কড়া নিয়ম মেনে চলা সম্ভব।

এজেড