তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘পিএইচপি’ (PHP)-তে দীর্ঘদিনের একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ইউরোপের বিভিন্ন দেশসহ বাংলাদেশেও সরকারি ও বেসরকারি খাতের অসংখ্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ত্রুটি প্রথম চিহ্নিত হওয়ার পর বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়।
নব্বইয়ের দশকের শুরুতে চালু হওয়া পিএইচপি ইন্টারনেটের একটি বিশাল অংশ পরিচালনায় ব্যবহৃত হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট এই প্রযুক্তিতে তৈরি। সাম্প্রতিক সময়ে গুগলের এআই ‘জেমিনি’ এবং ওপেনএআই-এর মডেলের সাহায্যে পিএইচপির কোডে এই বড় গলদ ধরা পড়ে। এই ত্রুটির সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা পাসওয়ার্ড ছাড়াই সরাসরি ওয়েবসাইটের ডেটাবেজে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এবং এফবিআই।

সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে ফিনল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের পাশাপাশি উইকিমিডিয়ার মতো প্রতিষ্ঠানও তাদের বেশ কিছু সিস্টেম বা পেজ বন্ধ রাখে। এদিকে ভারতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের তথ্য ফাঁসের ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক এই পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। সরকারের সাইবার নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা ‘বিজিডি ই-গভ সার্ট’-এর জরুরি সতর্কবার্তার পর দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের অংশ হিসেবে ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইন করে দেয়।
আরও পড়ুন: এআই দিয়ে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, অসংখ্য ওয়েবসাইট বন্ধ
বাংলাদেশে ই-নামজারি সেবার সরকারি ওয়েবসাইটসহ বাংলাদেশ ব্যাংক, বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং একটি বেসরকারি হাসপাতালের অনলাইন পোর্টাল রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে এবং প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা জোরালো করতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ত্রুটি সময়মতো সংশোধন করা না হলে জাতীয় তথ্যভাণ্ডার ও গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
এজেড