Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি / জাতীয়

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

ছবি তুলতে ভালোবাসেন? অপো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে অপো ফাইন্ড এক্স১০ এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসরের কারণে ফোন দুটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উৎসাহ বাড়ছে।

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলে ক্যামেরার ক্ষেত্রে বড় চমক রাখা হয়েছে। এই ফোনের পেছনে তিনটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ভারতের বাজারে এটিই প্রথম কোনো স্মার্টফোন, যার তিনটি রিয়ার ক্যামেরাতেই ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে হ্যাজেলব্লাড টেলিকনভার্টার কিট ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। অন্যদিকে, সাধারণ অপো ফাইন্ড এক্স১০ মডেলে রয়েছে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা।

untitled-design-2026-10-18t171812091

পারফরম্যান্সের দিক থেকে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর। সাধারণ ফাইন্ড এক্স১০ মডেলে রয়েছে ডায়মেনসিটি ৯৬০০এম চিপসেট। ফোন দুটিতেই নতুন প্রজন্মের প্রো-এক্সডিআর ডিসপ্লে এবং কালারওএস ১৭ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘক্ষণ ব্যবহার বা গেম খেলার সময় তাপ নিয়ন্ত্রণে রাখতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে।

আরও পড়ুন: স্লিম ডিজাইনের টেকনো ক্যামন স্লিম ৫জি কি আসলেই পাওয়ারফুল?

ব্যাটারি ও সুরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। অপো ফাইন্ড এক্স১০ এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স উভয় ফোনেই ৮০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এর ফলে চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। পাশাপাশি ফোনগুলোতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং রয়েছে, যা ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে।

ভারতের বাজারে নতুন এই ফোনগুলোর দাম বেশ প্রিমিয়াম রাখা হয়েছে। অপো ফাইন্ড এক্স১০ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ ভারতীয় রুপি। একই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ ভারতীয় রুপি। এছাড়া অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আলাদাভাবে উপলব্ধ হ্যাজেলব্লাড টেলিকনভার্টার কিটের দাম ২৪ হাজার ৯৯৯ ভারতীয় রুপি। আগামী ২৯ অক্টোবর থেকে ফোনগুলোর বিক্রি শুরু হবে।

এজেড