Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

পৃথিবীতে এই প্রথমবারের মতো হ্যাক হলো ফ্রিজ, তাজ্জব সবাই!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

পৃথিবীতে এই প্রথমবারের মতো হ্যাক হলো ফ্রিজ, তাজ্জব বিশ্ববাসী। আধুনিক যুদ্ধের ধরন কতটা বদলে গিয়েছে, ফ্রান্স থেকে আসা একটি খবর তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাইবার হামলার মাধ্যমে সুপারমার্কেটের ফ্রিজারগুলোকে নিশানা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা কি না, তা এখনও স্পষ্ট নয় এবং কারা এই হামলা চালিয়েছে, তাও জানা যায়নি। তবে এই ঘটনা সাইবার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

ব্যাংকের কম্পিউটার সিস্টেম নয়, বিদ্যুৎ সংস্থার নেটওয়ার্ক নয়, এমনকী রেলের সিগন্যাল ব্যবস্থাও নয়, এবার নিশানায় নাকি সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেম। বড় বড় দোকান ও শপিং মলে আইসক্রিম, মাংস, মাছ, শাকসবজি, ফল, দুধ-সহ বিভিন্ন পচনশীল খাবার সংরক্ষণের জন্য বিশাল ফ্রিজ ও ফ্রিজার ব্যবহার করা হয়। অভিযোগ, সেগুলোর নিয়ন্ত্রণব্যবস্থাতেই অনুপ্রবেশ করেছে হ্যাকাররা।

kuMC05cFHC

বর্তমানে অনেক সুপারমার্কেটে ব্যবহৃত বড় রেফ্রিজারেশন সিস্টেম ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে এবং এগুলোতে বিশেষ কন্ট্রোলার ইউনিট থাকে। এর মাধ্যমে দোকানের কর্মী বা প্রযুক্তিবিদ দূর থেকেই ফ্রিজের তাপমাত্রা পরীক্ষা করতে পারেন, সেটিংস পরিবর্তন করতে পারেন, অ্যালার্ম দেখতে পারেন এবং কোনো সমস্যা হলে ব্যবস্থা নিতে পারেন। বাড়ির ফ্রিজের মতো বড় ফ্রিজারেও নির্দিষ্ট সময়ের জন্য ডিফ্রস্ট করার ব্যবস্থা থাকে এবং সুপারমার্কেটের আধুনিক রেফ্রিজারেশন ব্যবস্থায় এই প্রক্রিয়াও অনেক সময় দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

অভিযোগ অনুযায়ী, হ্যাকাররা শত শত দোকানের ফ্রিজ ও ফ্রিজারের কন্ট্রোল সিস্টেমে অনুপ্রবেশ করে সেগুলির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এবং এর পর দূর থেকেই তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়। দাবি করা হচ্ছে, কয়েকটি ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং কোথাও কোথাও তাপমাত্রা আরও বেশি হয়েছিল বলেও অভিযোগ। সুপারমার্কেট বন্ধ থাকার সময় প্রায় ছয় ঘণ্টা ধরে এই ঘটনা চলেছিল বলে দাবি করা হচ্ছে।

5766059_2026-10-13t100019z-2116417693-rc282oa00jn2-rtrmadp-3-france-cyberattack_ls

কিছু দোকানে ছোটখাটো আগুন লাগার ঘটনাও ঘটেছিল বলে দাবি করা হয়েছে এবং সেই সময় স্বয়ংক্রিয় স্প্রিঙ্কলার ব্যবস্থা চালু হয়ে গেলে দোকানের অন্যান্য পণ্যও পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ফ্রান্সের প্রায় ৩৫০ থেকে ৪০০টি সুপারমার্কেট এই সাইবার হামলার শিকার হয়েছিল এবং বিপুল পরিমাণ খাবার ফেলে দিতে হয় এবং দোকানগুলোর কয়েক লক্ষ থেকে কয়েক কোটি ইউরো পর্যন্ত ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বড় রেফ্রিজারেশন সিস্টেমে সাধারণত তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এই ঘটনায় হ্যাকাররা অ্যালার্ম ব্যবস্থাও বন্ধ করে দিয়েছিল বলে দাবি করা হচ্ছে। ফলে রাতের বেলায় তাপমাত্রা বেড়ে গেলেও কর্মীরা সময়মতো সতর্ক হতে পারেননি বলে অভিযোগ। আগে কোনো দোকানের ফ্রিজের তাপমাত্রা বদলাতে হলে সেখানে ঢুকে সরাসরি যন্ত্রটি নিয়ন্ত্রণ করতে হত, কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে সেই কাজ দূর থেকেই করা সম্ভব হওয়ায় সিস্টেমে অনুপ্রবেশ করতে পারলে একসঙ্গে একাধিক স্থানের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন: হ্যাকিং ঠেকাতে নয়া পদ্ধতি উদ্ভাবন

প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, তবে এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা যায়নি। এর পিছনে কোনো হ্যাকার গোষ্ঠীর কাজ থাকতে পারে, আবার অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

এজেড